রেলওয়ে বিআরইএল রাজশাহীর উদ্যোগে বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল) রাজশাহীর উদ্যোগে পবিত্র বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ মার্চ ) রাজশাহীস্থ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই ঘটনা মুসলমানদের ঈমান, ধৈর্য, ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্যের শিক্ষা দেয়। বর্তমান সময়ে সংগঠন ও সমাজ পরিচালনার ক্ষেত্রেও বদরের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বদর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ডঃ মোঃ আব্দুল বারী। তিনি বলেন, বদরের ঘটনা আমাদেরকে সংগঠিত হওয়ার শিক্ষা দেয় এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়।
রমজান মাসের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন মাওলানা মোঃ আরিফুল ইসলাম। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবসেবার মাধ্যমে নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে। একই সাথে রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ওপেন লাইন শাখার সম্পাদক মনিরুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বদরের চেতনা আমাদেরকে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক জীবন গড়ার শিক্ষা দেয়। পাশাপাশি রমজান মাসের শিক্ষা ও বরকত আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।