রাজশাহীতে ৫৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

56 lakhs
ছোটন সরদার ০৮ মার্চ ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৮ মার্চ ২০২৬ ০৭:০৬ অপরাহ্ন
রাজশাহীতে ৫৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ
রাজশাহীতে গ্রাহকদের মাঝে ৫৬ লাখ টাকার মৃত্যু দাবি ও মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রাজশাহীতে গ্রাহকদের মাঝে ৫৬ লাখ টাকার মৃত্যু দাবি ও মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রোববার বিকেলে নগরের নিউমার্কেট এলাকায় কোম্পানির জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার ৬৭ জন মেয়াদপূর্তি গ্রাহক এবং একজন মৃত্যুদাবি গ্রাহকের নমিনীর হাতে মোট ৫৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, বীমা মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময়মতো গ্রাহকের দাবি পরিশোধ করা হলে বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আরও বাড়ে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বতন মহাব্যবস্থাপক মো. তানভীর আল আজাদ নাঈম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ২০০০ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭৭ লাখ গ্রাহকের বিভিন্ন দাবি পরিশোধ করেছে। পাশাপাশি প্রায় দেড় লাখ গ্রাহকের মৃত্যু দাবির অর্থ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মো. রজব আলী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্যসচিব মো. সেলিম রেজা এবং রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক প্রোভিপি মো. মোসাদ্দেকুল ইসলাম।

বক্তারা বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধ গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।