রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ পারভেজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন
আজ সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থিত রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, সম্প্রতি গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি করেন যে, নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের ছবি নামিয়ে তাঁর (মাসুদ পারভেজের) ছবি টাঙানো হয়েছে।
মাসুদ পারভেজ বলেন, “এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে আমার ব্যক্তিগত সুনাম, রাজনৈতিক ভাবমূর্তি এবং মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে মাসুদ পারভেজ প্রশাসনের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার বন্ধ করা এবং গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ হয়।