চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম ও ধানের ব্যাপক ক্ষতি

বিজয়বাংলা নিউজডেক্স : ০৭ এপ্রিল ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন সারা বাংলা
বিজয়বাংলা নিউজডেক্স : ০৭ এপ্রিল ২০২৬ ০৯:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম ও ধানের ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি, আম ও ধানের ব্যাপক ক্ষতি। ছবি- সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আম উৎপাদনকারী এই জেলায় শিলাবৃষ্টির ফলে আমের গুঁটি ঝরে পড়া ও গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র শিলাবৃষ্টি আঘাত হানে। শিবগঞ্জের প্রায় সব এলাকাতেই ঘণ্টাব্যাপী এই শিলাবৃষ্টি স্থায়ী হয়। এ সময় প্রায় ১০০ গ্রাম ওজনের শিলা পড়তে দেখা গেছে। 

স্থানীয় আম চাষিরা জানিয়েছেন, বর্তমানে আম গাছে গুঁটি আসার সময়। এই সময়ে বড় আকারের শিলাবৃষ্টির ফলে আমের গুঁটি ঝরে পড়া এবং ডালপালা ভেঙে যাওয়ার পাশাপাশি গাছের ছাল ও পাতারও ব্যাপক ক্ষতি হয়েচে। যা সামগ্রিক আম উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃষি বিভাগের জরিপের দিকে তাকিয়ে আছেন উদ্বিগ্ন চাষিরা।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টিতে আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এখই ক্ষতির পরিমাণ বা শতকরা হার বলা সম্ভব নয়। তবে ক্ষতির পরিমাণও কম না। টানা ৯ মিনিট শিলা পড়েছে এবং শিলাগুলোর আকৃতিও বড় বড় ছিল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) ইয়াসিন আলী জানান, ভোলাহাট উপজেলা বাদে জেলার বাকি চারটি উপজেলাতেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, সকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র মাঠ পর্যায়ে জরিপ করার পর বিস্তারিত জানানো সম্ভব হবে। আমরা মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে।