দুর্বৃত্তদের হামলায় ভূমি উদ্ধার কমিটির ৪ নারী সাঁওতাল আহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির চার নারী নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় এ ঘটনা ঘটে।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে জানান, কৃষিজমি সুরক্ষা আইনের আওতায় বাগদাফার্ম এলাকার সাঁওতাল ও বাঙালি বাসিন্দাদের জমি ফেরতের দাবিতে একটি পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করা হচ্ছিল। কর্মসূচি চলাকালে পেছন দিক থেকে ভূমিদস্যু হিসেবে চিহ্নিত কয়েকজন ব্যক্তি হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, স্বপন শেখ, আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ নামের ব্যক্তিরা কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা করেন। এতে শিউলী মারডি, শ্যামলী হাসদা, লুকাস মুরমুসহ চারজন গুরুতর আহত হন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
তবে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিকেলে মুঠোফোনে জানান, ঘটনাটি মূলত হাতাহাতি। এতে একজন আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এদিকে, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষ থেকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সভাপতি ফিলিমন বাসকে।