জাসাসের উদ্যোগে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী জেলা শাখা। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়ায় জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাসাসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা এবং মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি তপু ইসলাম।
সভায় নেতারা বলেন, এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রা অতীতের তুলনায় আরও বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহীভাবে আয়োজন করা হবে। তারা রাজশাহীর সর্বস্তরের মানুষকে নববর্ষের অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় আরও জানানো হয়, বর্তমানে রাজশাহী জেলা জাসাসের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। তবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই জেলা জাসাসের নতুন কমিটি গঠন করা হবে।