বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের প্রতিষ্ঠাতা

কুমার শরৎকুমার রায়ের ১৫০তম জন্মবার্ষিকী আজ

Kumar Saratkumar Roy
নিজস্ব প্রতিবেদক: ২২ এপ্রিল ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২২ এপ্রিল ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন
কুমার শরৎকুমার রায়ের ১৫০তম জন্মবার্ষিকী আজ
বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম-এর প্রতিষ্ঠাতা সভাপতি কুমার শরৎকুমার রায়ের সার্ধশততম (১৫০তম) জন্মবার্ষিকী আজ। ছবি: বিজয় বাংলা

রাজশাহী, ২২ এপ্রিল ২০২৬: বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম-এর প্রতিষ্ঠাতা সভাপতি কুমার শরৎকুমার রায়ের সার্ধশততম (১৫০তম) জন্মবার্ষিকী আজ বুধবার।


নাটোরের দিঘাপতিয়া রাজপরিবার-এ ১৮৭৬ সালের ২২ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। ১৯৪৬ সালের ১২ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তাঁর পিতা ছিলেন রাজা প্রমথনাথ রায় এবং মাতা দ্রবময়ী দেবী।


তিনি নিজে এবং তাঁর বংশীয় রাজা-জমিদাররা ছিলেন বিদ্যানুরাগী ও প্রজাহিতৈষী। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে তাঁদের অবদান আজও স্মরণীয় হয়ে আছে।


কুমার শরৎকুমার রায়ের অন্যতম অমর কীর্তি রাজশাহীতে প্রতিষ্ঠিত বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, যা বর্তমানে দেশের প্রাচীন ঐতিহ্য, প্রত্নতত্ত্ব ও ইতিহাস গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রথম এই মিউজিয়ামে প্রায় ১৮ হাজার বহুমাত্রিক প্রত্ননিদর্শন সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। এখানে পাঁচ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার প্রায় তিনশ প্রত্ননিদর্শনও রয়েছে, যা দেশের অন্য কোনো মিউজিয়ামে নেই বলে জানা যায়।


স্মরণযোগ্য যে, সুবিখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়, ইতিহাসবিদ রমাপ্রসাদ চন্দসহ কৃতী নাগরিকদের নিয়ে কুমার শরৎকুমার রায় ১৯১০ সালের ২৭ সেপ্টেম্বর নিজ অর্থায়নে রাজশাহী শহরে এই মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। আমৃত্যু প্রায় চার দশক তিনি ইতিহাসচর্চা ও গবেষণার নেতৃত্ব দেন।


সরকারি সিদ্ধান্তে ১৯৬৪ সালের ১০ অক্টোবর মিউজিয়ামটির মালিকানা রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর নিকট হস্তান্তর করা হয়। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবময় প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।


নওগাঁর সোমপুর মহাবিহারসহ বরেন্দ্র অঞ্চলের বহু প্রত্নতাত্ত্বিক খননের পথিকৃৎ ছিলেন কুমার শরৎকুমার রায়। তাঁর অর্থায়নে ১৯২৩ সালের ১ মার্চ সোমপুর মহাবিহারে প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়, যা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বেসরকারি উদ্যোগে অবিভক্ত বাংলার প্রথম প্রত্নতাত্ত্বিক খনন হিসেবে স্বীকৃত।


এদিকে তাঁর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্মরণে-বরণে কুমার শরৎকুমার রায়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাতিঘর ও বরেন্দ্র ইতিহাস পরিষদ। আজ সন্ধ্যা ৭টায় রাজশাহী বাতিঘরের অভ্যন্তরে এ সভা অনুষ্ঠিত হবে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর উপ-রেজিস্ট্রার মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে সভার প্রধান আলোচক থাকবেন দৈনিক সোনার দেশ-এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এছাড়া বরেন্দ্র ইতিহাস পরিষদ একটি স্মারকপত্র প্রকাশ করেছে। একই সঙ্গে মো. সফিকুল ইসলাম রচিত ‘বাংলার গৌরব বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম’ গ্রন্থ প্রকাশ করেছে ঢাকার কথাপ্রকাশ।


রাজশাহীর সাংস্কৃতিক ও ইতিহাসপ্রেমী মহলে গভীর শ্রদ্ধার সঙ্গে আজ স্মরণ করা হচ্ছে বরেন্দ্রভূমির এই মহান কৃতীপুরুষকে।