তামিলনাড়ুর রাজনীতি ছয় চালে ‘হ্যাক’ করলেন বিজয়
ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছেন অভিনেতা-রাজনীতিক বিজয়। তাঁর দল টিভিকে (TVK) রাজ্যে ১১৮ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় পৌঁছে গেছে। আর ডিএমকে জোট নেমে এসেছে ৭০ আসনে এবং এআইএডিএমকে ৫১ আসনে।
তবে এই ফলাফল হঠাৎ করে তৈরি হয়নি। চলতি নির্বাচনি চক্রে এর জন্ম নয়। বরং বছরের পর বছর ধরে পরিকল্পনা, পরীক্ষা-নিরীক্ষা, পরিমার্জন এবং ধাপে ধাপে সংগঠন গড়ে তোলার মধ্য দিয়েই এই সাফল্যের ভিত তৈরি হয়েছে।
প্রথম পর্যায়: অনুরাগীগোষ্ঠীকে সংগঠনে রূপান্তর
বিজয়ের শুরুটা হয়েছিল তার বিপুল জনপ্রিয়তাকে কেন্দ্র করে। তামিলনাড়ু জুড়ে লাখ লাখ অনুরাগী ‘রসিগর মণ্ডপ’-এ সংগঠিত ছিলেন। কিন্তু তিনি এটিকে নিছক ফ্যান ক্লাবের মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং একে রূপ দেন একটি সুসংগঠিত সামাজিক নেটওয়ার্কে।
এই ইউনিটগুলো চলচ্চিত্র প্রচারের গণ্ডি পেরিয়ে সক্রিয়ভাবে যুক্ত হয় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে। যেমন- রক্তদান শিবির, ত্রাণসামগ্রী বিতরণ, ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং নানা সামাজিক উদ্যোগ।
এগুলো বিচ্ছিন্ন কোনো কর্মসূচি ছিল না। এটিকে ধারাবাহিক উপস্থিতির মাধ্যমে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করার কৌশল হিসেবে কাজে লাগানো হয়েছে।
কোয়েম্বাটুরের মতো শহরগুলোতে এসব ফ্যান ক্লাবে হাজার হাজার সদস্য যুক্ত হন এবং সুসংগঠিত সেবামূলক ভূমিকা পালন করতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি সাধারণ পরিবারের সঙ্গে একটি সরাসরি, অরাজনৈতিক সম্পর্ক গড়ে তোলে।
ফলে নির্বাচনের সময় প্রথম পরিচয়ের চেষ্টায় ভোটারদের কাছে পৌঁছানোর কোনো দরকার ছিল না, বরং বহুদিনের সম্পর্কের রাজনৈতিক রূপান্তর ঘটেছে।
দ্বিতীয় পর্যায়: আসল নির্বাচনের আগেই নীরব নির্বাচন
২০২১ সালে বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ না করেই তার সাংগঠনিক কাঠামোর প্রথম বড় পরীক্ষা নেন। সমর্থক সমিতির সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কোনো দলীয় প্রতীক ছিল না, পূর্ণমাত্রার রাজনৈতিক প্রচারণাও ছিল না। তবুও নেটওয়ার্ক সক্রিয় ছিল।
প্রায় ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১১৫ জন জয়ী হন। এটি ছিল এক কাঠামোগত যুগান্তকারী সাফল্য। এর মাধ্যমে প্রমাণিত হয়, এই নেটওয়ার্ক প্রার্থী বাছাই, বুথ ব্যবস্থাপনা এবং ভোট সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলাতে সক্ষম।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল- ভোটাররা কোনো দলীয় প্রতীক ছাড়াই তাদের সমর্থন করেছিলেন।
তৃতীয় পর্যায়: গণঅনুসরণ থেকে বাছাই করা ক্যাডার
২০২৬-এর প্রস্তুতিতে আরও বেশি লোককে যুক্ত করার লক্ষ্য ছিল না বিজয়ের, বরং সঠিক মানুষদের বেছে নেওয়া হয়েছিল।
এ লক্ষে কর্পোরেট ধাঁচের বাছাই প্রক্রিয়া শুরু করে টিভিকে। সাক্ষাৎকার, অতীত যাচাই এবং সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ- সবকিছুই ছিল সুপরিকল্পিত। শুধু ভক্তি বা আবেগ দিয়ে কাউকে দায়িত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত করা হয়নি।
ওয়ার্ড ইনচার্জ, বুথ অ্যাজেন্ট এবং নির্বাচনী এলাকার সমন্বয়কারীদের নির্বাচন করা হয় জনপ্রিয়তার ভিত্তিতে নয়, বরং দক্ষতা ও প্রক্রিয়াগত যাচাইয়ের মাধ্যমে। ফলে আন্দোলনটি তার আবেগঘন ভিত্তি বজায় রেখেও সাংগঠনিক শৃঙ্খলায় আবদ্ধ ছিল।
চতুর্থ পর্যায়: যখন প্রতীক হয়ে ওঠে সংকেত
দলের প্রতীক ‘বাঁশি’ পরিকল্পিতভাবে উপস্থাপন করা হয়েছিল, যাতে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সহজে মানুষের মধ্যে প্রতিধ্বনি হয়। ফলে প্রতীকটি শুধু ব্যানারেই সীমাবদ্ধ থাকেনি; ঘরে ঘরেও পৌঁছে যায়।
অনেক নারী তাদের বাড়ির সামনে বাঁশির আকৃতির কোলাম আঁকতে শুরু করেন, যা ধীরে ধীরে মহল্লা থেকে মহল্লায় সমর্থনকে দৃশ্যমান করে।
এই আন্দোলন একইসঙ্গে অনলাইন ও অফলাইনে ছড়িয়ে পড়ে, আর এর সমন্বয় করেছিল সেই স্থানীয় ইউনিটগুলো, যারা একসময় চলচ্চিত্রের অনুষ্ঠান পরিচালনা করতেন। সবকিছুই ছিল স্বাভাবিক, সাবলীল এবং পদ্ধতিনির্ভর।
পঞ্চম পর্যায়: প্রচারণার অন্তর্নিহিত নেটওয়ার্ক
দৃশ্যমান প্রচারণার আড়ালে ছিল বহু বছর ধরে গড়ে ওঠা একটি সুসংহত অবকাঠামো। বছরের পর বছর সক্রিয় থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো নির্বাচনী প্রচারের প্রধান মাধ্যম হয়ে ওঠে।
স্বেচ্ছাসেবকেরা সামলান পতাকা বিতরণ, পরিবহন, জনসমাগম এবং দৈনন্দিন যোগাযোগ। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের কাজ শূন্য থেকে গড়ে তুলতে হয়নি; কেবল বিদ্যমান কাঠামোকে সক্রিয় করা হয়েছিল।
তবে, শীর্ষ পর্যায়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন বিজয়। স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক তৈরি করেছিল একটি কার্যকর ফিডব্যাক লুপ। বুথ-স্তরের তথ্য ওপরে পৌঁছাত, আর কেন্দ্রীয় বার্তা নিচে নেমে আসত- যার মূল ফোকাস ছিল দুর্নীতির বিরোধিতা, জনকল্যাণ এবং যুবসমাজ।
এই কাঠামো বিকেন্দ্রীভূত বাস্তবায়নের সঙ্গে কঠোর কৌশলগত নিয়ন্ত্রণের এক অনন্য সমন্বয় তৈরি করেছিল।
ষষ্ঠ পর্যায়: পরিচয়ের গভীর রাজনীতি
প্রতিটি পর্যায়েই সমর্থকদের একটি স্বতন্ত্র পরিচয় ছিল। তাদের প্রায়শই বলা হতো ‘অনিল’। তামিল রাজনৈতিক সংস্কৃতিতে শব্দটির গভীর তাৎপর্য রয়েছে। ‘অনিল’ শব্দের অর্থ কাঠবিড়ালি।
২০১১ সালের তামিলনাড়ু নির্বাচনের সময়, যখন বিজয় এবং তার সংগঠন বিজয় মাক্কাল ইয়াক্কাম জে. জয়ললিতা ও এআইএডিএমকে জোটকে সমর্থন করেছিল, তখন বিজয় বা তার বাবা এস এ চন্দ্রশেখর রামায়ণের সেই কাঠবিড়ালির উপমা টেনেছিলেন, যে ভগবান রামকে লঙ্কায় যাওয়ার সেতু নির্মাণে ক্ষুদ্র অবদান রেখেছিল।
মূল বার্তাটি ছিল অত্যন্ত সরল- ক্ষুদ্র অবদানকারীদের সম্মিলিত প্রচেষ্টাই বড় বিজয়ের ভিত্তি গড়ে তোলে।
প্রথমদিকে প্রতিদ্বন্দ্বী শিবির অনলাইনে ‘অনিল’ শব্দটি বিদ্রূপাত্মকভাবে ব্যবহার করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নামই জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে তা বিজয়ের সমর্থকদের গর্বের পরিচয়ে পরিণত হয়।
তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের উত্থান শুধু একজন তারকার রাজনৈতিক আগমন নয়; এটি দেখিয়ে দিল কীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সাংগঠনিক শৃঙ্খলা, প্রতীকী যোগাযোগ এবং সামাজিক ভিত্তি মিলিয়ে একটি নতুন রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা যায়। সূত্র: এনডিটিভি