দার্শনিক কার্ল মার্ক্সের ২০৮ তম জন্মবার্ষিকী পালন

Celebrating the 208th birth anniversary of Karl Marx
নিজস্ব প্রতিবেদক : ০৫ মে ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ০৫ মে ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন
দার্শনিক কার্ল মার্ক্সের ২০৮ তম জন্মবার্ষিকী পালন
বিখ্যাত দার্শনিক কার্ল মার্ক্সের ২০৮ তম জন্মবার্ষিকী

ইতিহাসে যেসব ক্ষণজন্মা মানুষের আবির্ভাব হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কার্ল মার্ক্স।  তিনি ছিলেন একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ ও রাজনীতিক। তাঁর দেখা, বলার ভঙ্গি বা শোনার ক্ষমতা ছিল অন্যদের চেয়ে আলাদা। তিনি ব্যক্তিমালিকানাধীন পুঁজিবাদী শাসনব্যবস্থা ভেঙ্গে সামাজিক মালিকানার সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছেন। শ্রমিকদের অধিকারের কথা বলেছেন। শ্রেণিহীন সমাজের কথা বলেছেন।

বিখ্যাত দার্শনিক কার্ল মার্ক্সের ২০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত  এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ সভার আয়োজন করে 'জ্ঞানচক্র' নামে একটি সাহিত্য সংগঠন।  

প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকুর সভাপতিত্বে সভায় কার্ল মার্ক্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চিকিৎসক আবু রাকিব, আব্দুস সালাম, আইনজীবী আবু হাসিব, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফ বাবু,  শিক্ষক ওয়ালিউল ইসলাম, সাংবাদিক রবিউল হাসান ডলার।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শিক্ষক আবু বাকের।  

বক্তারা বলেন, আজও পুঁজিবাদের অবসান হয়নি। শ্রেণিহীন সমাজের স্বপ্নও অধরা। কেননা আজও পণ্য উৎপাদনের মাধ্যমে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে বা শোষণ করে মালিকপক্ষ পুঁজি ক্রমেই বৃদ্ধি করে যাচ্ছে। শ্রমিকদের অধিকার আদায়ে কোন আন্দোলন হলে সেখানেও নির্যাতন শুরু করে প্রশাসন। এসব ঘটনা পুঁজিবাদী শাসনব্যবস্থারই বহি:প্রকাশ। 

মার্ক্সের উদ্ধৃতি উল্লেখ করে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাস হলো শ্রেণি সংগ্রামের ইতিহাস। যার হাতে উৎপাদনের উপকরণ থাকে, তার হাতেই সমাজের ক্ষমতা থাকে। একদিন পুঁজিবাদ নিজেই নিজের কবর খনন করবে। কেননা শ্রমিক ছাড়া কোনো পুঁজির অস্তিত্ব নেই। সমস্ত সমাজের মুক্তি নির্ভর করে শ্রমিক শ্রেণির মুক্তির উপর। তাই যারা উৎপাদন করে, প্রকৃত মালিকানা তাদেরই হওয়া উচিত।