নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

Teacher's body recovered
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১০ মে ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন
নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
--সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান যে, বাসার ভেতর থেকে দরজা খোলা হচ্ছে না।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। পরে ঘরের ভেতরে ফ্লোরে শোয়া অবস্থায় তাকে মৃত পাওয়া যায়। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, গত শনিবার থেকে পলি চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রোববার বাসার দরজা বন্ধ দেখে স্থানীয়দের ডাকা হয়। পরে পুলিশের সহায়তায় দরজার তালা ভেঙে ভেতরে তার মরদেহ দেখতে পান তারা।

পলির বোন জানান, ফোনে যোগাযোগ না হওয়ায় তারা বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন।