পবার দামকুড়া ইউনিয়নে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
রাজশাহীর পবা উপজেলার পাঁচটি ইউনিয়নে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৮ নভেম্বর) দামকুড়া ইউনিয়নের কলার টিকর পশ্চিমপাড়া এলাকায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) মাঠপর্যায়ে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়ন করছে।
ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামকুড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. ময়না বেগম। ইএসডিওর পবা উপজেলা সমন্বয়কারী রঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে স্থানীয় নারী-পুরুষ মনোযোগ সহকারে সচেতনতামূলক ভিডিও দেখেন। এ সময় ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালত কীভাবে তাঁদের দৈনন্দিন জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে তাঁরা নিজেদের মতামত ব্যক্ত করেন।
অংশগ্রহণকারীদের অনেকেই মনে করেন, ছোটখাটো বিরোধ ও স্থানীয় সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব। ফলে এসব বিরোধের নিষ্পত্তির জন্য তাঁদের আর আদালতে যেতে হবে না। এর মাধ্যমে স্থানীয় পর্যায়েই সহজে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে।
প্রদর্শনী শেষে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক ভিডিওর ওপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত সমস্যার সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির সুযোগ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তির সুযোগ সম্পর্কে ধারণা দিতেই এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।