উবার অ্যাপে নতুন যেসব সুবিধা আসছে
শুধু গাড়ি ডাকার অ্যাপ হিসেবে নয়! বিভিন্ন ডিজিটাল সেবার একক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে চাইছে উবার। হোটেল বুকিং, রেস্তোরাঁ রিজার্ভেশন ও অনলাইন শপিং সুবিধা যোগ করে যুক্তরাষ্ট্রে ‘সুপার অ্যাপ’ হওয়ার পথে আরও এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
উবার বহু বছর ধরেই নিজেদের ‘সুপার অ্যাপ’ হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। তবে স্বচালিত গাড়ি বা রোবোট্যাক্সি সেবার বিস্তার বাড়তে থাকায় এখন সেই পরিকল্পনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত উবারের বার্ষিক ‘গো-গেট’ পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন কয়েকটি সেবার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো অ্যাপের মধ্যেই হোটেল বুকিং সুবিধা।
এই সেবার জন্য ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের সাত লাখের বেশি হোটেল ও আবাসন বুক করতে পারবেন। রেস্তোরাঁ বুকিংয়ের জন্য যুক্ত করা হবে অপেন টেবিল। এছাড়া ‘শপ ফর মি’ নামে নতুন একটি ফিচার আনা হয়েছে। যার মাধ্যমে উবারের প্ল্যাটফর্মে না থাকা দোকান থেকেও পণ্য অর্ডার করা যাবে।
উবারের প্রযুক্তি প্রধান প্রভীন নেপ্পালি নাগা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সুপার অ্যাপ ধারণা আগেই জনপ্রিয় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে অনেক প্রতিষ্ঠান এই মডেলে সফল হতে পারেনি। কারণ ব্যবহারকারীদের একটি অ্যাপের ভেতরে ধরে রাখার মতো পর্যাপ্ত কারণ তৈরি করা যায়নি।
উবারের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের সাবস্ক্রিপশন সেবা ‘উবার ওয়ান’। মাসে ৯ দশমিক ৯৯ ডলার খরচ করে ব্যবহারকারীরা এই সদস্যপদ নিতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে উবার ওয়ান সদস্যরা নির্দিষ্ট কিছু হোটেলে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ১০ শতাংশ ক্রেডিট সুবিধা পাচ্ছেন।
নাগার ভাষায়, একজন ব্যবহারকারী উবারে এয়ারপোর্টে যেতে পারেন, পরে হোটেল বুক করতে পারেন, রেস্তোরাঁয় যেতে পারেন। এভাবে পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে কোম্পানিটি।
ভবিষ্যতে ফ্লাইট বুকিং বা আর্থিক সেবাও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনো পরিকল্পনা ঘোষণা করা হয়নি।
উবারের এই উদ্যোগকে নতুন প্রতিযোগিতার মুখে ফেলছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও। আবাসনভিত্তিক সেবা এয়ারবিএনবি সম্প্রতি বিমানবন্দর পরিবহন সেবা যুক্ত করার পরিকল্পনা জানিয়েছে। অন্যদিকে এক্স প্ল্যাটফর্মকে ‘এভরিথিং অ্যাপ’ বানানোর পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন ইলন মাস্ক। তার প্রতিষ্ঠান এখন ‘এক্স মানি’ নামে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর প্রস্তুতিও নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে একাধিক সুপার অ্যাপ টিকে থাকতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ দেশটিতে আগে থেকেই আলাদা আলাদা সেবার জন্য জনপ্রিয় অনেক অ্যাপ রয়েছে।
তবে উবারের সবচেয়ে বড় শক্তি তাদের বিদ্যমান ব্যবহারকারীভিত্তি। কোম্পানিটির তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৯ কোটি ৯০ লাখ। এর মধ্যে প্রায় ৫ কোটি মানুষ উবার ওয়ান সদস্যপদ ব্যবহার করছেন।
প্রতিষ্ঠানটির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন বলছে, উবার ইটস বিভাগ সবচেয়ে দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেলিভারি খাত থেকে তাদের আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়ে ৫০৭ কোটি ডলারে পৌঁছেছে।