বিয়ের কেনাকাটা করতে গিয়ে ওমানে ৪ প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
ওমানের আল মিলিদ্দা আল মোছানা স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির এসি’র গ্যাস বিস্ফোরণে রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৩ মে) সকালে গাড়ির ভিতর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওমান প্রবাসী আবু তৈয়ব ও মাহমুদুর রশিদ মাসুদ জানান, ছোট দুই ভাই শহীদ ও সিরাজ দেশে আসার আগে কেনাকাটা করতে চার ভাই মিলে গাড়ি নিয়ে মার্কেটে গিয়েছিল। পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে ৪ ভাইয়ের মৃত্যু হয়।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত করেনি।
বেঁচে থাকা একমাত্র ভাই মো. এনাম জানান, মো. রাশেদ (৩৫) বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মো. শাহেদ (৩২) বিবাহিত, ছোট দুই ভাই মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪) দেশে এসে বিয়ে করার কথা ছিল। এজন্য তারা কেনাকাটা করতে গিয়েছিলেন। ১৩ মে রাতের ফ্লাইটে তারা দেশে ফিরতো।
তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বন্দেরাজার পাড়া এলাকার মৃত মো. জামাল উদ্দিনের ছেলে। একসাথে চার ভাইয়ের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।