শীর্ষস্থান হারালেন সাকিব
আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তাকে সরিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন নবি। এই ম্যাচে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন আফগান অলরাউন্ডার। একই সঙ্গে বল হাতে শিকার করেছেন ১ উইকেট।
বিপিএলে সাকিবের ব্যস্ততার সুযোগে এমন পারফর্ম করে শীর্ষস্থান দখল করেছেন নবি। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বোলিং র্যাংকিংয়ে ৭ ধাপ সামনে এসেছেন ৩৯ বছর বয়সী আফগান অলরাউন্ডার। গত ৫ বছর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। কিন্তু বিশ্বকাপের পর ইনজুরি ও নির্বাচনী ব্যস্ততার কারণে খেলায় মনোযোগ দিতে পারেননি সাকিব। একই সময়ে আফগান দলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন নবি। ফলে নবির কাছে দীর্ঘ ৫ বছরের রাজত্ব হারালেন সাকিব।