চাপ সামলে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

How to keep yourself calm under pressure
অনলাইন ডেস্ক ২১ মে ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ২১ মে ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন
চাপ সামলে নিজেকে শান্ত রাখবেন যেভাবে
সংগৃহীত ছবি

জীবন সব সময় একইভাবে চলে না। কখনো কখনো এমন মনে হতে পারে যে, সবকিছু যেন ভেঙে পড়ছে, যেন কখনোই আর কোনোকিছু ঠিক হবে না। কিন্তু সত্যিটা হলো, খারাপ সময়ও চলে যায়। এরকম সময়গুলোতে সবার আগে নিজের পাশে থাকতে হয় নিজেকেই। হ্যাঁ, নানারকম চাপ আসবে, কিন্তু সেগুলো সামলাতেও জানতে হবে। মনে রাখবেন, আপনার জীবনের দায়ভার আপনারই। তাই নিজের প্রতি যত্নশীল হোন, যে কাজগুলো করলে চাপ সামলে ভালো থাকা যায়, সেগুলো করুন। জেনে নিন মানসিক চাপ সামলে শান্ত থাকার কিছু উপায়-

শ্বাসপ্রশ্বাসের ওপর মনোযোগ দিন

আতঙ্ক ভর করলে আমাদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিকভাবেই অগভীর হয়ে যায়। এটি মস্তিষ্ককে সংকেত দেয় যে আমরা বিপদে আছি। আপনার ক্ষেত্রে এরকমটা হলে বক্স ব্রিদিং-এর মাধ্যমে এটি কাটিয়ে উঠতে পারেন। সেজন্য ৪ সেকেন্ড ধরে শ্বাস নিন, ৪ সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখুন, ৪ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। এই অভ্যাস হৃদস্পন্দন কমাতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে।

উদ্বেগ কমান

উদ্বেগ তখনই বেড়ে যায় যখন আমরা এমন সব বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি, যা ঠিক করার ক্ষমতা আমাদের নেই। সেজন্য নিজের উদ্বেগ কমাতে হবে। মূল কথা হলো, যে বিষয়গুলো আপনার হাতে নেই, সেগুলো থেকে নজর সরিয়ে নেওয়া। এর বদলে এমন কোনো কাজের দিকে মনোযোগ দিন, যেগুলো করা আপনার জন্য সহজ। নিজেকে ব্যস্ত রাখলে উদ্বেগ অনেকটাই কমে আসবে।

ভাবনাগুলো নতুন করে সাজান

ইতিবাচক চিন্তা করুন। আপনার মস্তিষ্ককে বোঝান যে, এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। আপনি চাইলে নতুন করে সবকিছু শুরু করতে পারেন, এই আত্মবিশ্বাস রাখুন। কাজ যত কঠিনই হোক, ছোট ছোট ভাগ করে একে একে সম্পন্ন করুন। বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। শুরুতেই যদি ধরে নেন যে আপনি পারবেন না, তাহলে আত্মবিশ্বাস অনেকটাই কমে যাবে। বাড়বে মানসিক চাপ। 

১০ সেকেন্ডের বিরতি নিন

আমরা বেশিরভাগ সময়েই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাই। আজ থেকে এই কাজ করা বন্ধ করুন। দ্রুত প্রতিক্রিয়ার ফল সাধারণত ইতিবাচক হয় না। বরং যেকোনো উত্তর দেওয়ার আগে অন্তত ১০ সেকেন্ডের একটি বিরতি নিন। এই সময়টুকুতে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করুন। যে কথাগুলো না বললেই নয়, কেবল সেটুকু বলুন।

ইতিবাচক বন্ধু

মানসিক চাপ দূর করার জন্য আপনার আশেপাশের মানুষেরও সাহায্য প্রয়োজন। তাই সব সময় এমন সব মানুষের চারপাশে থাকুন যারা আপনার ভেতরের শক্তি বাড়িয়ে দিতে কাজ করে। নেতিবাচক স্বভাবের মানুষদের জীবন থেকে দূরে সরিয়ে দিন। কারণ তারা আপনাকে শক্তি কিংবা সাহস তো দেবেই না, উল্টো মানসিকভাবে আরও দুর্বল করে দেবে।