গ্রিন কার্ডে নতুন নিয়ম ঘোষণা করল যুক্তরাষ্ট্র

green card
অনলাইন ডেস্ক ২৩ মে ২০২৬ ০১:৩৯ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ২৩ মে ২০২৬ ০১:৩৯ অপরাহ্ন
গ্রিন কার্ডে নতুন নিয়ম ঘোষণা করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা।--সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের জন্য গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চাইলে তাকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শুক্রবার প্রকাশিত এক নীতিগত স্মারকে এ নির্দেশনা দেয় মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা। সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের জন্য নতুন এই নিয়ম কার্যকর করা হচ্ছে।

সংস্থাটির দাবি, নতুন নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থার বিভিন্ন ‘ফাঁকফোকর’ বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করার সক্ষমতাও বাড়বে।

তবে বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রমী ছাড় দেওয়া হবে কিনা, তা পৃথকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে মানবাধিকার সংগঠন ও শরণার্থী সহায়তাকারী বিভিন্ন প্রতিষ্ঠান এই সিদ্ধান্তের সমালোচনা করেছে।

অভিবাসী ও শরণার্থীদের নিয়ে কাজ করা সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা, এই নীতির কারণে মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী ও ঝুঁকিতে থাকা শিশুদের আবার সেই দেশেই ফেরত যেতে হতে পারে, যেখান থেকে তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল।

বিশ্লেষকদের মতে, অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং গণমাধ্যমকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাজারো অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্সের