২০ লাখ টাকায় বিক্রি হলো সেই ‘কালো মানিক’

Selling for 20 lakh taka
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ০৩:৩২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ০৩:৩২ অপরাহ্ন
২০ লাখ টাকায় বিক্রি হলো সেই ‘কালো মানিক’
--সংগৃহীত ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ অবশেষে বিক্রি হয়েছে। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়া ৪৫ মণের এই বিশাল আকৃতির ষাঁড়টি ২০ লাখ টাকায় বিক্রি করেন খামারি সোহাগ মিয়া।

শনিবার (২৪ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে গরুটি বিক্রি করা হয়।

এদিকে বিশাল আকৃতির ‘কালো মানিক’কে ঘিরে হাটজুড়েও ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ। গরুটির সঙ্গে ছবি তুলতে ও এক নজর দেখতে ভিড় করেন অনেকে।

খামারি সোহাগ মিয়া জানান, দীর্ঘ সাত বছর ধরে সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করেছেন তিনি। শুরুতে গরুটির দাম ২২ লাখ টাকা চাইলেও শেষ পর্যন্ত সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করেন।

সোহাগ মিয়া বলেন, ষাঁড় বিক্রির এই টাকা দিয়ে আমি বড় একটি গরুর ফার্ম করতে চাই। যিনি গরুটি কিনেছেন তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। এখন পরিবারসহ সিলেটে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

জানা গেছে, ‘কালো মানিক’ প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার ছিল। বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতেন সোহাগ মিয়ার বাড়িতে।

এর আগে গত বছর ‘কালো মানিক’কে উপহার হিসেবে খালেদা জিয়ার কাছে নিয়ে যান সোহাগ। পরে পরিবারের স্বচ্ছলতার জন্য গরুটি কাজে লাগানোর পরামর্শ দেওয়া হলে সেটি আবার নিজ বাড়িতে ফিরিয়ে এনে লালন-পালন করতে থাকেন খামারি সোহাগ মিয়া।