লোকজন নিয়ে ফিল্মি স্টাইলে স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন স্বামী

He took his wife away from home in filmy style.
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০২ জুন ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন
লোকজন নিয়ে ফিল্মি স্টাইলে স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন স্বামী
প্রতিকী ছবি

কুমিল্লার লাকসামে ফিল্মি স্টাইলে এক তরুণীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, এটি প্রেমঘটিত বিষয় বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের প্লাটফর্ম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।

২৮ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে এক তরুণীকে কাঁধে করে নীচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে অনেক লোক সমাগম ছিল।

পুলিশ জানায়, কুমিল্লার লাকসাম উপজেলার হারাখাল এলাকার তাহমিনা আক্তার স্মৃতি নামের এক তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়েই পূর্ব পরিচিত। ওই তরুণী এবং যুবক মাসুদ দূর সম্পর্কের মামা-ভাগ্নি হয়। সম্পর্কের এক পর্যায়ে দুজন পালিয়ে বিয়ে করেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ দুজনের অবস্থান শনাক্ত করে মাসুদকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং স্মৃতিকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।

ওই অপহরণ মামলায় মাসুদ কয়েকদিন আগে জামিনে বের হন। গত সোমবার রাতে মাসুদ লোকজন নিয়ে এসে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্মৃতিকে নিয়ে যান।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঢাকা পোস্টকে বলেন, স্মৃতির সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে আবার মাসুদ স্মৃতিকে নিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে নতুন করে আবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।