গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলিসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস. এম. মাকছুদুর রহমানের নেতৃত্বে রাজাবাড়ী চেকপোস্টে এই সফল অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার বটতলী চারমাইল এলাকার মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে মো. দুলাল শেখ (৩৭) এবং একই এলাকার মো. শামীম ইসলামের মেয়ে মোছা. সানজিদা আক্তার শিমু (১৮)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রাজাবাড়ী চেকপোস্টে অবস্থান নেয় প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশের একটি বিশেষ টিম। বিকেল সাড়ে ৩টার দিকে সন্দেহভাজন একটি ঢাকা মেট্রো-গ ১৯-১৫১৭ নম্বরের প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ অস্ত্র বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, উদ্ধারকৃত অস্ত্রের এই বড় চালানটি তারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে আমাদের এই বিশেষ চেকিং কার্যক্রম জোরদার করা হয়েছে।"তিনি আরও বলেন, "এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মূল উৎস কী এবং এর পেছনে আর কারা জড়িত রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।"
এসআইএল/বিবিএন