বাব-এল মান্দেবে ইসরায়েলি জাহাজে হামলার হুমকি হুথিদের
গুরুত্বপূর্ণ নৌপথ বাব-এল মান্দেবে ইসরায়েলি জাহাজে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইরানে ইসরায়েলের হামলার পর গোষ্ঠীটি এ হুমকি দিয়েছে। সোমবার (০৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নৌ অবরোধ সফল করতে হুথিদের বিভিন্ন কৌশল রয়েছে। এর আগেও গোষ্ঠীটি বাব এল-মান্দেব প্রণালি দিয়ে ইসরায়েলি যান চলাচল নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সফল হয়েছে।
আল জাজিরা বলছে, হুথিরা পূর্ববর্তী সময়ে নৌপথটি ইসরায়েলি জাহাজে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা এবং লোহিত সাগরে নৌ-মাইন ছড়িয়ে দিয়েছিল। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করেও হামলা চালিয়েছিল।
ইয়েমেনের অবরোধের ফলে ইসরায়েলের এইলাত বন্দরও বন্ধ হয়ে গিয়েছিল। এ বন্দরটি লোহিত সাগরে ইসরায়েলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এছাড়া এটি এশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য ব্যবহৃত ইসরায়েলের একমাত্র বন্দর।
হুথিদের এক রাজনৈতিক কর্মকর্তা আলজাজিরা বলেন, ইসরায়েল যদি ইয়েমেনে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। তিনি বলেন, এই উত্তেজনা বৃদ্ধির অর্থ ইসরায়েল ইয়েমেনে হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলে অঞ্চলজুড়ে আরও ইসরায়েলি ও মার্কিন সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
এর আগে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজ পার হতে পারবে না বলে জানিয়েছে হুথিরা। গোষ্ঠীটি বলেছে, যদি ইসরায়েল সংঘাত বৃদ্ধি করে তাহলে তারাও সংঘাত বৃদ্ধি করবে।
হুতিরা আরও জানিয়েছে, ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকের ওপর অবিচার করা হলে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না। এসব দেশেরে যেখানে অন্যায় অবরোধ চাপিয়ে দেওয়া হরে, সেখানে আমরা হাত গুটিয়ে বসে থাকব না।