১৫৪ একরজুড়ে বিশ্বকাপ উৎসব; রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

FIFA World Cup 2026
রুয়েট প্রতিনিধি: ১২ জুন ২০২৬ ১২:৫০ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি: ১২ জুন ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
১৫৪ একরজুড়ে বিশ্বকাপ উৎসব; রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসেও।

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসেও। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ১৫৪ একরের এই ক্যাম্পাসজুড়ে ফুটবল উৎসবের আবহ তৈরি হয়েছে।

জানা গেছে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা পৃথকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রকল্যাণ দপ্তরের কাছে বড় পর্দায় খেলা দেখানোর আবেদন করেন। শিক্ষার্থীদের এ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করে প্রশাসন।

আয়োজনের অন্যতম সমন্বয়কারী যন্ত্রকৌশল ২০২০-২১ শিক্ষাবর্ষের আরাফ মাসুদ দিপ্র বলেন, “বিশ্বকাপ বিশ্বের কোটি মানুষের আবেগের জায়গা। রুয়েটের শিক্ষার্থীরাও এর বাইরে নয়। আমরা চাই সবাই একসঙ্গে খেলা উপভোগ করুক এবং ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হোক।”

তিনি জানান, হলগুলোতে খেলা দেখার ব্যবস্থা থাকলেও উন্মুক্ত পরিবেশে সম্মিলিতভাবে খেলা উপভোগের অভিজ্ঞতা ভিন্ন। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বাড়বে। বিশ্বকাপজুড়ে এই আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।


রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “শিক্ষার্থীদের ইতিবাচক সহশিক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয় সবসময় উৎসাহ দেয়। বিশ্বকাপ উপলক্ষে তারা যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে একসঙ্গে খেলা উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজনকে সহযোগিতা করা হয়েছে।”

এছাড়াও উপাচার্য মহোদয়ের নির্দেশে সকল আবাসিক হলে সমষ্টিগতভাবে উদযাপনের উদ্দেশ্যে ৮০ইঞ্চির টেলিভিশন দেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ক্যাম্পাসজুড়ে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে আলোচনা, ভবিষ্যদ্বাণী ও বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্বকাপজুড়ে এ আয়োজন রুয়েট ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে এবং খেলাধুলাকে কেন্দ্র করে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।