ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস
তিনটি দেশের মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ ছিল ফোলারিন বালোগুনের সামনে। যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে তোলার পর আজ (শনিবার) ভোরে বিশ্বকাপে তার অভিষেক হয়েছে। যেখানে জোড়া গোল করে ইতিহাসে নাম লেখালেন বালোগুন। একইসঙ্গে ইতিহাসগড়া ব্যবধানে জিতে আসর শুরু করল যুক্তরাষ্ট্র।
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা। প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে মার্কিন ছেলেরা চার গোল করল। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে চার ম্যাচ মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট গোল ছিল মাত্র তিনটি। এ ছাড়া এই ম্যাচের আগে তারা কখনোই বিশ্বকাপ ম্যাচে তিন গোলের বেশি করতে পারেনি।
বিশ্বকাপের আয়োজকদের বড় জয়ের দিনে আলো কেড়েছেন ২৪ বছর বয়সী স্ট্রাইকার বালোগুন। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম গমগম করছিল স্বাগতিক ৭০ হাজার ৪৯২ দর্শকে। আর পুরো স্টেডিয়াম ছিল লাল, সাদা ও নীল রঙে সজ্জিত। সেই উচ্ছ্বাসের মাত্রা বাড়িয়েছেন নিউইয়র্কের ব্রুকলিনে নাইজেরিয়ান বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া বালোগুন।
যদিও জন্মের এক মাস পর পরিবারসহ তিনি ইংল্যান্ডে চলে যান এবং বেড়ে ওঠেন লন্ডনে। পরে মাত্র আট বছর বয়সে বালোগুন আর্সেনালের একাডেমিতে যোগ দেন। ইংল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন তিনি, পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৮ দলের প্রতিনিধিত্বও করেছেন। মার্কিন জাতীয় দলেই তার বেশি সুযোগ ছিল। ইংল্যান্ড জাতীয় দলে বরাবরই তারকাদের ভিড়, অন্যদিকে নাইজেরিয়া এবারের বিশ্বকাপে উঠতে পারেনি।
ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন ফোলারিন বালোগুন
এ ছাড়া চলতি গ্রীষ্মের ফুটবল উৎসবে বালোগুন নিজেকে যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে পরিচিত এক নাম হিসেবে প্রতিষ্ঠিত করছেন। সেই ফর্ম টেনে আনলেন বিশ্বকাপের অভিষেকে। অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচের বক্সে বাড়ানো বল ধরে গোল করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও গোল করেন বালোগুন। তার বক্সের ভেতর থেকে নেওয়া শট জালের ওপরের বাঁ কোণে গিয়ে জড়ায়। হ্যাটট্রিকও পেতে পারতেন তরুণ এই ফরোয়ার্ড, তবে আরেকটি গোল অফসাইডে বাতিল হয়েছে।
বালোগুন ইতিহাস গড়ে ১৯৩০ সালের পর প্রথম মার্কিন ফুটবলার হিসেবে এক বিশ্বকাপ ম্যাচে একাধিক গোল করেন। এর আগে বিশ্বকাপের উদ্বোধনী আসরটিতে বার্ট প্যাটেনাউড প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৩-০ ব্যবধানের জয়ে তিনটি গোল করেছিলেন। সেটাই ছিল বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক।
এসআইএল/বিবিএন