ধানমন্ডির গ্যোটে-ইনস্টিটিউটে রবীন্দ্রনাথ নিয়ে বিশেষ আয়োজন সন্ধ্যায়

Special evening event on Rabindranath Tagore at Goethe-Institut in Dhanmondi
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন সাহিত্য
অনলাইন ডেস্ক ২০ জুন ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
ধানমন্ডির গ্যোটে-ইনস্টিটিউটে রবীন্দ্রনাথ নিয়ে বিশেষ আয়োজন সন্ধ্যায়
বাংলা ও জার্মান সংস্কৃতির ঐতিহাসিক বন্ধনকে উদ্‌যাপন করতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশে শনিবার (২০ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। --সংগৃহীত ছবি

বাংলা ও জার্মান সংস্কৃতির ঐতিহাসিক বন্ধনকে উদ্‌যাপন করতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশে শনিবার (২০ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এক বিশেষ সাংস্কৃতিক আয়োজন। 

সঙ্গীত, কবিতা ও ইতিহাসে সমৃদ্ধ এ অনুষ্ঠানে স্মরণ করা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জার্মানির দীর্ঘস্থায়ী ও গভীর সম্পর্ককে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে শুরু হতে যাওয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সঞ্চিতা পাল। তার কণ্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রনাথের নির্বাচিত গান।

ইংরেজি ভাষ্যে সমৃদ্ধ এই আয়োজনটি দেশি-বিদেশি দর্শক-শ্রোতাদের জন্য সমানভাবে উপভোগ্য করে সাজানো হয়েছে।

সঙ্গীত পরিবেশনায় তবলা, গিটার, অক্টোপ্যাড, এসরাজ ও কিবোর্ডের সমন্বয় থাকবে।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রঙ্ক ভারনার। তিনি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ থেকে একটি কবিতার জার্মান অনুবৃত্তি পাঠ করবেন।

আয়োজকদের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব জার্মানিতে ছিল সুদূরপ্রসারী ও তাৎপর্যপূর্ণ। কয়েক দশক ধরে তিনি দেশটির খ্যাতিমান চিন্তাবিদ ও বিদ্বজ্জনদের সঙ্গে বৌদ্ধিক ও সাংস্কৃতিক বিনিময়ে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে তার জার্মানি সফরকালে রচিত গানগুলো বিশেষভাবে উপস্থাপন করা হবে।

এছাড়া ১৯২৬ সালে রচিত রবীন্দ্রসংগীতগুলোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ২০২৬ সালে এসব গানের রচনার শতবর্ষ পূর্ণ হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন বাংলা ও জার্মান সংস্কৃতির পারস্পরিক বিনিময়ের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দর্শকদের সামনে দর্শন, সাহিত্য ও সঙ্গীতের এক নতুন সংলাপ উন্মোচন করবে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনে থাকছেন বিদ্যুৎ রায় (অক্টোপ্যাড), গৌতম কুমার সরকার (তবলা), মো. আশিকুল ইসলাম (এসরাজ), মোহাম্মদ নাসির উদ্দিন (গিটার) এবং রবিনস চৌধুরী (কিবোর্ড)।