আউলা বাতাস

windy
সেলিম জাহাঙ্গীর ১০ অক্টোবর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন সাহিত্য
সেলিম জাহাঙ্গীর ১০ অক্টোবর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
আউলা বাতাস

আউলা বাতাস


সেলিম জাহাঙ্গীর

আউলা বাতাস বাউলা মনে

সুর তুলেছে আজ,

অন্তরেতে প্রেম ভালোবাসা

পরেছে বাউলা সাজ।


আমায় কেউ ভালোবাসলে

পাবেনা আপন ব্রতে,

চেহারা দেখে বাসলে ভালো

ভাসাবে দুঃখের স্রোতে।


আমার মনে আমার প্রাণে 

যখন যা ইচ্ছা বুনি,

কখনো হিন্দু কখনো মুসলিম 

কখনো খ্রিস্টান বনি।


কখনো মানুষ আমাতে এসে 

মিশে হয় একাকার,

আমার হৃদয়ে কান পেতে শোন 

মানুষের হাহাকার।


মানুষের গন্ধ নিয়ে যাই দূরে 

গাঁ থেকে গ্রামান্তর,

কোথাও আমি দেখিনা রে আজ 

মানুষের সহোদর।


একতারা হাতে গেরুয়া পরে 

দেখি বাউলের সাজ,

মোল্লা, ঋষি, পুরোহিত, ঠাকুর 

ফাদার সেজেছে আজ।


আউলা মনের বাউলা সুরে 

কাদামাটি নিয়ে খেলি,

কেউ বলে উদাস পাগলা সেলিম 

জীবনে তুই কী পেলি?


চর্মচক্ষে এই পাওয়া যে 

দেখা যায় না ওরে মনা,

সরল পথে চললে রে পাবি 

হৃদয় নামের সোনা।


হৃদয় থাকলে মানুষ হয় 

সরল অঙ্কটা ভুল,

মানুষের লাগি মানুষের জন্ম 

মানুষই ধর্মের মূল।