প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ হচ্ছে না
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ফলাফল প্রস্তুত না হওয়ায় আজ তা প্রকাশিত হচ্ছে না।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ফলাফল এখনো প্রস্তুত হয়নি। আজকে প্রকাশের সম্ভাবনা কম।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়।
টেলিটকের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে।
এজন্য এসএমএস করুন:
DPE<Space>Roll লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। উদাহরণ: DPE 123456
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।
গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। বেসরকারি (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় বিষয়টি আদালতে গড়ায়। আদালতের নির্দেশনা ও সমঅধিকারের সাংবিধানিক নীতির আলোকে সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি উপজেলা ভিত্তিক হবে।
প্রাথমিকে মোট বৃত্তি ৮২ হাজার ৫০০। ট্যালেন্ট পুলে ৩৩ হাজারের মধ্যে সরকারি বিদ্যালয়ে ২৭ হাজার ৫০০ (৮০ শতাংশ) ও বেসরকারি বিদ্যালয়ে ৫ হাজার ৫০০ (২০ শতাংশ)।
সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০ জনের মধ্যে সরকারিতে ৪১ হাজার ২৫০ (৮০ শতাংশ) ও বেসরকারিতে ৮ হাজার ২৫০ (২০ শতাংশ)।
নিয়মানুযায়ী, প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।