দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্যান্ডেল ভেঙে পড়ে আহত ১২
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শনিবার সকালে একটি প্যান্ডেল ভেঙে পড়ে আহত হলেন ১২ জন। প্যান্ডেলের নীচে কয়েক জন চাপ পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, স্টেডিয়ামের ভিতর প্যান্ডেল তৈরি করা হচ্ছিল। কাজ চলাকালীনই সেই অস্থায়ী কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্টেডিয়ামের ২ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর দাবি, প্যান্ডেল নির্মাণ শ্রমিকদের বেশির ভাগই খেতে গিয়েছিলেন। কয়েক জন কাজ করছিলেন। সেই সময় প্যান্ডেলটি ভেঙে পড়ে।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, প্যান্ডেলের কাঠামোর নীচে ১০-১২ জন চাপা পড়েছেন। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। প্যান্ডেলের বড় বড় কাঠামো সরানোর জন্য ক্রেন নিয়ে আসা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কাঠামোর নীচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন