রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে দেব চন্দ্র গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটের আরজি সাদীপুর এলাকার দেব চন্দ্র দাস (২২) বুধবার দুপুর দুইটার দিকে প্রতিবেশী সাত বছরের এক কন্যাশিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। ফাঁকা বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করে সে।
দীর্ঘক্ষণ সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে দেব চন্দ্র দাসের বাড়ির বারান্দায় শিশুটিকে কাঁদতে দেখেন। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে ধর্ষণে*র বিষয়টি জানান। পরে চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানাজানি হলে দেব চন্দ্র দাস গা ঢাকা দেয়।
এ ঘটনায় বুধবার (৮ জুলাই) বিকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে চারঘাট থানায় দেব চন্দ্র দাসকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই অভিযানে নেমে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে থেকে দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করে র্যাব-৫।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজশাহী র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মনজুরুল কবির সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেব চন্দ্র দাস শিশুটিকে ধর্ষণে*র কথা স্বীকার করেছে।