বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

Snake farm submerged in flood
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৮:৫৮ অপরাহ্ন
বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ
--সংগৃহীত ছবি

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের একটি গ্রামে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার তলিয়ে যাওয়ার পর সেখান থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে মারাত্মক বিষধর গোখরাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুলাই) চীনের সরকারি সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে গুয়াংজি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে হেংঝৌ এলাকার লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হয়। এরই মধ্যে দেংওয়েই গ্রামের একটি সাপের খামার পানির নিচে তলিয়ে যায় এবং শত শত সাপ সেখান থেকে বেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে খামারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাপগুলো আশপাশের বসতবাড়ি ও বিভিন্ন স্থানে চলে যায়। দেংওয়েই গ্রাম কমিটির প্রধান উ ঝি জানান, সাপের কামড়ে আহত হয়ে অন্তত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সাপচাষিদের ভাষ্য অনুযায়ী, খামারগুলোতে প্রধানত গোখরা, কিং র‍্যাট স্নেক ও জলসাপ পালন করা হয়। এর মধ্যে গোখরা অত্যন্ত বিষধর হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

তবে বিশেষজ্ঞদের ধারণা, দীর্ঘ সময় বন্যার পানিতে নিমজ্জিত থাকা এবং অনুকূল পরিবেশের অভাবে পালিয়ে যাওয়া সাপগুলোর একটি বড় অংশ বেঁচে থাকতে নাও পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরো উদ্ধারকারী দল মোতায়েন করেছে। পাশাপাশি নতুন করে দুর্ঘটনা এড়াতে স্থানীয় এক ডজনেরও বেশি বাসিন্দা স্বেচ্ছাসেবী দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধার ও ধরার অভিযান চালাচ্ছেন।