‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’

2026 FIFA World Cup
অনলাইন ডেস্ক ১১ জুলাই ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন বিশ্বকাপ আপডেট
অনলাইন ডেস্ক ১১ জুলাই ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’
--সংগৃহীত ছবি

দুর্দান্ত গতিতে চলছে ফ্রান্স ও স্পেন। তাদের যে কোনো একটিকে বাদ পড়তে হচ্ছে বিশ্বকাপ থেকে। দুই দলের হেভিওয়েট সেমিফাইনাল হবে ১৪ জুলাই। এই ম্যাচের আগে গতবারের রানার্সআপকে হুমকি দিয়ে রাখলেন স্পেনের ফরোয়ার্ড লামিন ইয়ামাল।

 আজ মধ্যরাতে বেলজিয়ামকে হারিয়ে শেষ চারের টিকিট কাটে স্পেন। ১৬ বছর পর নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে তারা। ম্যাচ শেষ হওয়ার পর আত্মবিশ্বাসী কণ্ঠে ইয়ামাল বললেন, ফ্রান্সের উচিত স্পেনকে ভয় পাওয়া।

সাম্প্রতিক ফর্ম স্পেনকে এগিয়ে রাখছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত লা রোহারা। তাছাড়া গত দুই বছরে প্রতিযোগিতামূলক দুটি ম্যাচ খেলে দুটোতেই ফ্রান্সকে হারিয়েছে তারা। ২০২৪ ইউরোর নকআউট ও গত বছর নেশন্স লিগ সেমিফাইনালে ২-১ ও ৫-৪ ব্যবধানে জিতেছে স্পেন। দুই ম্যাচে তিন গোল করেন ইয়ামাল।

ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সোফাই স্টেডিয়ামে বেলজিয়ামকে হারিয়ে ইয়ামাল বললেন, ‘যদি ফ্রান্সের কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা আমরাই। আমরা তাদের বিদায় দিয়েছিলাম (আগে)। তাদের আমরা দুইবার হারিয়েছি। সত্যি কথা বলতে, আমি মনে করি আমরা বিশ্বকাপের সেরা দুটি দল। দেখা যাক কী হয়। কিন্তু আমাদের কোনো ভয় নেই।’

স্পেন বিশ্বকাপে দ্বিতীয়বার সেমিফাইনালে, ২০১০ সালে শিরোপা জয়ের পর প্রথম। অন্যদিকে ফ্রান্স টানা তৃতীয়বার ফাইনালে ওঠার পথে। ২০১৮ সালে তারা শিরোপা জিতেছিল, গতবার হয় রানার্সআপ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘পরের ম্যাচের জন্য প্রত্যাশা খুব, খুব বেশি। আমরা পরের ম্যাচের দিকে মনোযোগ রাখছি। আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষের সম্ভাবনা নিয়ে বেশ ভালোভাবে অবগত আছি। একই সঙ্গে আমরা স্পষ্ট যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম।’

ইউরো ও নেশন্স লিগে দুইবারই সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। এনিয়ে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমাদের সেই সামর্থ্য আছে এবং এটা আবারও একটি সেমিফাইনাল। আমরা তাদের বিপক্ষে আগেও একটি সেমিফাইনাল খেলেছি। আমরা সফল হয়েছিলাম। খেলাটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এতে অনেক উত্তেজনা থাকবে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।’