কারাবন্দি অং সান সু চি কেমন আছেন

Aung San Suu Kyi
অনলাইন ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০৬:৫৭ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০৬:৫৭ অপরাহ্ন
কারাবন্দি অং সান সু চি কেমন আছেন
--সংগৃহীত ছবি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মাঝে নতুন তথ্য জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার। দেশটিতে নিযুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, সু চি সুস্থ আছেন এবং তার সেবা করা হচ্ছে। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারো কারাবন্দি সু চির সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাত হওয়ার পর থেকেই বন্দি রয়েছেন ৮১ বছর বয়সী সু চি।

এক সংবাদ সম্মেলনে লাজারো বলেছেন, ‌‌অং সান সু চির সম্পর্কে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে আমার যতটুকু মনে পড়ে; তিনি বলেছেন, সু চি সুস্থ আছেন। সু চি তার একজন আত্মীয়, একজন বোনের মতো এবং সে কারণেই তারা তার যত্ন নেবেন বলেও জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।

সু চি বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। সম্প্রতি তার এই দণ্ডের মেয়াদ এক-তৃতীয়াংশ কমানো হয়েছে। উসকানি, দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো বেশ কিছু অভিযোগে তাকে ওই সাজা দেওয়া হয়। যদিও দেশটির সাবেক এই ক্ষমতাসীন নেত্রীরা সহযোগীরা সু চিকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য ‘মনগড়া’ অভিযোগ করা হয়েছে বলে দাবি করেছেন। এমনকি সু চিও কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছেন।

 ব্যর্থ শান্তি প্রচেষ্টা

দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ কূটনীতিকরা মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সশরীরে বৈঠকে মিলিত হয়েছেন। দেশটিতে চলমান গৃহযুদ্ধ অবসানে ব্যর্থ হওয়া পাঁচ বছরের পুরোনো একটি শান্তি উদ্যোগকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে রোববার ওই বৈঠকের আয়োজন করা হয়।

এই রক্তক্ষয়ী সংঘাতে দেশটিতে প্রায় ১ লাখ মানুষ নিহত ও আরও কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আসিয়ানের সঙ্গে সম্মত হওয়া ‘‘পাঁচ দফা ঐকমত্য’’ সম্বলিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের নেতৃত্বকে আসিয়ানের শীর্ষ পর্যায়ের বৈঠকগুলোতে নিষিদ্ধ করা হয়েছিল।

চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত এক নির্বাচনের পর গত এপ্রিল থেকে দেশটি নামমাত্র বেসামরিক সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং এখন দেশটির প্রেসিডেন্ট এবং তিনি আসিয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

তবে সু চিকে বর্তমানে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। এর আগে বিস্তারিত তথ্য না জানিয়ে লাজারো বলেছিলেন, সু চিকে একটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকিউ বলেছেন, ব্যাংককে রোববারের অনানুষ্ঠানিক বৈঠক চলাকালীন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তিন মং সোয়ে।

সু চির প্রতি মিয়ানমারের সম্মানসূচক সম্বোধন ব্যবহার করে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান ব্যক্ত করে বলেছি, আসিয়ানের বিশেষ দূতকে যদি অং সান সু চির সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়, তাহলে সেটি আরও ভালো হবে; যাতে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা আমরা যাচাই করতে পারি।

সূত্র: রয়টার্স