লঘুচাপ আরও শক্তিশালী হচ্ছে, ভারী বৃষ্টির আভাস

the weather
অনলাইন ডেস্ক ১৫ জুলাই ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ১৫ জুলাই ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
লঘুচাপ আরও শক্তিশালী হচ্ছে, ভারী বৃষ্টির আভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। --সংগৃহীত ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

বৃহস্পতিবারের পূর্বাভাস

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার থেকে রোববার

শুক্রবার (১৭ জুলাই) এবং শনিবার (১৮ জুলাই) দেশের একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৯ জুলাই) রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। লঘুচাপটি শক্তিশালী হলে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে।