মেসিকে থামানো অসম্ভব: ইনিয়েস্তা

2026 FIFA World Cup
অনলাইন ডেস্ক ১৮ জুলাই ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন বিশ্বকাপ আপডেট
অনলাইন ডেস্ক ১৮ জুলাই ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন
মেসিকে থামানো অসম্ভব: ইনিয়েস্তা
--সংগৃহীত ছবি

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেনকে সতর্ক করে দিয়েছেন দেশটির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। সাবেক বার্সেলোনা তারকার মতে, লিওনেল মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া অসম্ভব।

তাই তাকে থামানোর চেয়ে নিজেদের খেলার ধরন ঠিক রেখে আর্জেন্টিনাকে চাপে ফেলাই হবে স্পেনের সাফল্যের চাবিকাঠি।

ফাইনালের আগে স্পেনের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২০১০ বিশ্বকাপজয়ী ইনিয়েস্তা বলেন, ‘মেসিকে পুরোপুরি থামানো অসম্ভব।

আসল বিষয় হলো, স্পেন নিজেদের খেলায় আর্জেন্টিনাকে কতটা ভোগাতে পারে, কতটা সুযোগ তৈরি করতে পারে এবং সেই সুযোগগুলো কতটা কাজে লাগাতে পারে।’

চলতি বিশ্বকাপে মেসির দুর্দান্ত নৈপুণ্যেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টাইন অধিনায়কের ৮ গোল ও ৪টি গোলে সহায়তার প্রসঙ্গ টেনে ইনিয়েস্তা বলেন, ‘ওকে বর্ণনা করার মতো ভাষা নেই। প্রতিটি ম্যাচে তার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং মাঠে যা করে তা সত্যিই অসাধারণ।

তাকে শুধু সম্মানই জানানো যায়।’

তবে মেসির হুমকির কথা বললেও নিজের দেশের প্রতি আস্থার কথা স্পষ্ট করেছেন ইনিয়েস্তা। তার মতে, স্পেনের খেলোয়াড়দের কোনো ভয় নিয়ে মাঠে নামা উচিত নয়।

তিনি বলেন, ‘না, কখনোই ভয় নিয়ে খেলতে নেই। এই দলের খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্স দিয়ে আত্মবিশ্বাস অর্জন করেছে। পুরো বিশ্বকাপজুড়েই তারা ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং ফাইনালে তারা পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।’

ইনিয়েস্তার বিশ্বাস, স্পেনের প্রতিটি ফুটবলার নিজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। তিনি বলেন, ‘যেই খেলুক না কেন, সবাই জানে তার দায়িত্ব কী। মাঠে তাদের দেখলে মনে হয় সবকিছুই তাদের নিয়ন্ত্রণে আছে।’

আগামী ২০ জুলাই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার, অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্পেন।