বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতি নেতানিয়াহুর সমর্থন
ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে লড়বে আর্জেন্টিনা ও স্পেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করার কথা জানিয়েছেন ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইনাল ম্যাচের আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত নেতানিয়াহুকে দেশটির জাতীয় ফুটবল দলের একটি জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন।
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে জার্সিটি গ্রহণের পর নেতানিয়াহু জানান, তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন।
তিনি আরও বলেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই-এর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে।
এই ঘটনাটি বিশ্বকাপ ফাইনালের আগে দুই দেশের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।
এদিকে, গাজায় নির্বিচারে হামলার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নির্দেশে গাজায় পরিচালিত হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতিও দিয়েছে জাতিসংঘ। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৭৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ৩ হাজার ২৮০ জন আহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা