আর্জেন্টিনাকে ৩ গোল দিয়ে চ্যাম্পিয়ন হবে স্পেন
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি টনি ক্রুস ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে নিজের পছন্দের দল বেছে নিয়েছেন। তার মতে, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে স্পেনই এগিয়ে থাকবে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, লিওনেল মেসির দলকে সামান্য সুযোগ দিলেও তার মূল্য চুকাতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-কে দেওয়া বক্তব্যে ক্রুস বলেন, পুরো বিশ্বকাপজুড়ে লুইস দে লা ফুয়েন্তের দল যেভাবে আধিপত্য দেখিয়েছে, তাতে স্পেনই ফাইনালের স্পষ্ট ফেবারিট। তিনি বলেন, 'আমার কাছে বিষয়টি একদম পরিষ্কার। স্পেনই ফেবারিট। যদি স্পেন প্রথম গোলটি করে, তাহলে ম্যাচ কার্যত শেষ। এরপর আরও তিন-চারটি গোলও আসতে পারে।'
তবে স্পেনকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনার শক্তিমত্তার প্রশংসা করতে ভোলেননি সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার, 'আর্জেন্টিনার বিপক্ষে কোনো ভুল করা যাবে না। তাদের যদি সামান্যতম জায়গাও দেওয়া হয়, তারা সেটার পুরো সুবিধা নেবে।'
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ক্রুসের নিজেরও আছে। ২০১৪ সালে মারাকানায় অনুষ্ঠিত ফাইনালে জার্মানির হয়ে তিনি শুরুর একাদশে খেলেছিলেন। অতিরিক্ত সময়ে মারিও গ্যোটজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ জিতেছিল জার্মানি।
এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, অন্যদিকে লামিনে ইয়ামালের তরুণ প্রতিভা—দুই প্রজন্মের দুই তারকাকে ঘিরেই জমে উঠেছে শিরোপার লড়াই।