আর্জেন্টিনার হারের পর মেসিকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

2026 FIFA World Cup
অনলাইন ডেস্ক ২০ জুলাই ২০২৬ ১২:০২ অপরাহ্ন বিশ্বকাপ আপডেট
অনলাইন ডেস্ক ২০ জুলাই ২০২৬ ১২:০২ অপরাহ্ন
আর্জেন্টিনার হারের পর মেসিকে সান্ত্বনা দিলেন ইয়ামাল
--সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগতভাবে হয়তো সেভাবে আলো ছড়াতে পারেননি, তবে দিনশেষে একজন মেতেছেন শিরোপা উল্লাসে আর অন্যজন পুড়েছেন হারের হতাশায়। রোববার স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার যখন হৃদয়ভাঙা অবস্থা, তখন বার্সেলোনার পূর্বসূরি লিওনেল মেসিকে সান্ত্বনা দিতে ভোলেননি স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল।

টুর্নামেন্ট চলাকালীন ১৯ বছরে পা দেওয়া এই স্প্যানিশ সেনসেশন দলের শিরোপা উদযাপন থেকে কিছুটা সময় বের করে সোজা ছুটে যান মেসির কাছে। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর ক্লান্ত মেসি তখন একাই মাটিতে বসে হারের কষ্ট হজম করছিলেন।

ইয়ামালকে এগিয়ে আসতে দেখে পাল্টা সম্মান জানান আর্জেন্টাইন অধিনায়কও। মাটি থেকে উঠে দাঁড়িয়ে এই তরুণকে বুকে টেনে নেন তিনি।

দুজনের এই আলিঙ্গনের মধ্য দিয়ে যেন পূর্ণ হলো এক অদ্ভুত বৃত্ত! কারণ, এই মেসির হাতেই ছোটবেলায় ইউনিসেফের এক ক্যাম্পেইনে গোসল করেছিলেন ছোট্ট ইয়ামাল। সেই অবিশ্বাস্য ছবিটি যেন এদিন আবার নতুন করে জীবন্ত হয়ে উঠল।

খেলার ধরন দিয়ে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে আইডল মানলেও, ইয়ামালের কাছে মেসিই সব সময় 'ইতিহাসের সেরা'।

অন্যদিকে, ফাইনালের আগে এই স্প্যানিশ তরুণকে প্রশংসায় ভাসিয়েছিলেন মেসিও। আর্জেন্টাইন কিংবদন্তি বলেছিলেন, 'ও (ইয়ামাল) এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ওর জন্য শুভকামনা জানাই, কারণ ওর সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য।'