মহানবীর (সা.) স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে ৫ তথ্য
ইসলামী ইতিহাসে এমন অনেক মহান নারীর আগমন ঘটেছে, যারা মুসলিম সমাজে অবিশ্বাস্য অবদান রেখেছেন এবং নিজস্ব যোগ্যতায় বিপুল সাফল্য অর্জন করেছেন। তাদেরই একজন হজরত আয়েশা বিনতে আবু বকর (রা.)। তিনি দুই হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন।
মহানবী (সা.) সবচেয়ে কাছের মানুষ
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সবচেয়ে কাছের মানুষদের অন্যতম ছিলেন সাইয়্যিদা আয়েশা (রা.)। তিনি ছিলেন আল্লাহর রাসূলের সহধর্মিণী এবং তার ইন্তেকাল পর্যন্ত একসাথেই সংসার করেছেন। আয়েশা (রা.) ছিলেন দৃঢ়চেতা ও সহনশীল নারী।
ইতিহাসগ্রন্থে পরম খোদাভীরু এই পুণ্যময়ী নারীকে অনন্য বুদ্ধিমত্তা, তাকওয়া ও অপরূপ রূপের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। সাইয়্যিদা আয়েশা(রা.) মহানবী (সা.) এর সাথে তার জীবনের ১০ বছর অতিবাহিত করেন। এই সময়ে তিনি সরাসরি আল্লাহর রাসূলের কাছ থেকে ইসলামের শিক্ষা লাভ করেন এবং নবীগৃহের অত্যন্ত ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তগুলোর সাক্ষী হওয়ার সৌভাগ্য অর্জন করেন।
আজ মহানবী (সা.)-এর জীবনধারা, তার পরিবার ও অন্যান্যদের সাথে তার আচরণ কেমন ছিল—সে সম্পর্কে আমরা যা কিছু জানতে পারি, তার একটি বড় অংশই এসেছে সাইয়্যিদা আয়েশা (রা.) এর মাধ্যমে।
জ্ঞান ও অসাধারণ স্মৃতিশক্তি
সাইয়্যিদা আয়েশার জীবন গড়ে উঠেছিল নবীজির দিকনির্দেশনায়। মহানবী (সা.)- এর সাথে তার বৈবাহিক জীবন চলাকালেই ইসলামী আইনশাস্ত্রের ভিত্তি স্থাপিত হয়েছিল, ইবাদতের নিয়মকানুন স্পষ্ট হয়েছিল এবং ইসলামের শিক্ষা পূর্ণতা পেয়েছিল। সাইয়্যিদা আয়েশা (রা.) শুধু সুন্নাহ জানতেন বা মানতেনই না, বরং তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিলেন, তা গভীরভাবে উপলব্ধি করতেন এবং নিজের জীবনে তার প্রতিফলন ঘটিয়েছিলেন।
আল্লাহর রাসূলের সাথে তার দাম্পত্য জীবন ছিল ভালোবাসা ও ময়ায় ভরপুর। সাইয়্যিদা আয়েশা (রা.) ও মহানবী (সা.) এর মধ্যকার গভীর ভালোবাসার বিবরণ দিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে, যা প্রতিটি মুসলিম দম্পতির জন্য এক আদর্শ উদাহরণ। মহানবী (সা.) তার স্ত্রী ও সন্তানদের প্রতি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের।
সাহাবিদের শিক্ষক
শিক্ষক হিসেবে আয়েশা (রা.) এর অন্যতম প্রধান গুণ ছিল তার অসাধারণ স্মৃতিশক্তি। খুব কম বয়সে মহানবী (সা.) এর সাথে তার বিয়ে হওয়ায় তিনি স্পঞ্জের মতো সমস্ত জ্ঞান ও তথ্য নিজের মধ্যে শুষে নিতে পারতেন। এই অনন্য যোগ্যতাই তাকে পবিত্র জ্ঞানের শিক্ষক ও প্রচারক হিসেবে গড়ে তোলে। সে যুগের নারী-পুরুষ নির্বিশেষে সকলেই তার এই তীক্ষ্ণ মেধার স্বীকৃতি দিয়েছিলেন।
তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে, ইমাম ইবনে হাজার আস আসকালানির আল-ইসাবাহ ফি তাময়িজ আস-সাহাবাহ গ্রন্থে উল্লেখ করা হয়েছে—যদি একদিকে সাইয়্যিদা আয়েশা রা. এর জ্ঞান আর অন্যদিকে পৃথিবীর সমস্ত নারীর জ্ঞান পরিমাপ করা হয়, তবে আয়েশার জ্ঞানের পাল্লাই ভারী হবে।
সাহাবি আবু মুসা রা. বলেন, আমাদের অর্থাৎ রাসূল সা. এর সাহাবিদের যখনই কোনো হাদিস বুঝতে সমস্যা হতো এবং আমরা আয়েশাকে জিজ্ঞেস করতাম, তখনই দেখতাম যে সেই হাদিস সম্পর্কে তাঁর কাছে সুনির্দিষ্ট জ্ঞান রয়েছে।
সাইয়্যিদা আয়েশা রা. এত বিপুল সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যে, ইসলামী আইনবিদদের মতে, ইসলামী শরিয়তের দুই-তৃতীয়াংশ বিধান তার বর্ণনা ও ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি। তিনি সাহাবিদের সেই বিশেষ দলের অন্তর্ভুক্ত, যাদের সর্বাধিক হাদিস বর্ণনাকারী হিসেবে অভিহিত করেছেন। এই দলে আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে ওমর রা. এর মতো সাহাবিরা রয়েছেন। তীক্ষ্ণ মেধা ও ফিকহ শাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের কারণে আয়েশা রা. ধর্মের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিধিবিধানগুলো খুব সহজে বুঝতেন।
ইসলাম প্রসারে ভূমিকা
ইসলামের জ্ঞান প্রসারে সাইয়্যিদা আয়েশা রা. এর এই সুউচ্চ ভূমিকা প্রমাণ করে যে, মহানবী সা. এর আমল থেকেই ইসলামে নারীর মেধা, যোগ্যতা ও বুদ্ধিমত্তার যথাযথ মূল্যায়ন করা হয়েছে।
ইমাম আত-তিরমিযী তার সুনান গ্রন্থে মুসা ইবনে তালহার একটি বর্ণনা উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেন, আমি আয়েশার চেয়ে সুবক্তা ও প্রাঞ্জলভাষী আর কাউকেই দেখিনি।
তীব্র স্মৃতিশক্তি ও প্রখর বুদ্ধিমত্তার জোরে মহানবী সা. এর কাছ থেকে শেখা ইসলামের বাণীগুলো সাইয়্যিদা আয়েশা রা. অত্যন্ত চমৎকার ও আকর্ষণীয় ভঙ্গিতে তার ছাত্রদের কাছে তুলে ধরতেন। এমন এক সময়ে দেশ-বিদেশের পণ্ডিতরা সাইয়্যিদা আয়েশার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন, যখন পৃথিবীর অন্যান্য প্রান্তে নারীদের ঘরের বাইরে কোনো অবদান রাখার কথা ভাবাই হতো না।
জ্ঞানের আলো ছড়াতে আয়েশা রা. ছিলেন ভীষণ উদার। তিনি অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য রাখতেন, জটিল সব প্রশ্নের সমাধান করতেন এবং ফতোয়া দিতেন। মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতেই তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। গণিতের জটিল হিসাব-নিকাশ জড়িত থাকা উত্তরাধিকার বা ফারায়েজ সংক্রান্ত বিষয়গুলোও তিনি অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিতেন। চিকিৎসা বিজ্ঞান, কবিতা ও ইতিহাসের ওপরও তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল।
যে যুগে নারীদের স্বভাবগতভাবেই দুর্বল এবং পুরুষের সমকক্ষ হওয়ার অযোগ্য বলে মনে করা হতো, সেই অন্ধকার সময়ে বিভিন্ন বিষয়ে সাইয়্যিদা আয়েশার এই অগাধ জ্ঞান ও সমাজ বিনির্মাণে তার অনন্য অবদান নারীদের অধিকারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
নারীদের সমস্যা সমাধানে অবদান
সাইয়্যিদা আয়েশা রা. নিজে যেমন জ্ঞান অর্জনে আগ্রহী ছিলেন, তেমনি মহানবী সা. ও তাকে সবসময় উৎসাহ দিতেন। আনসার বংশের নারীরা লজ্জাশীল হওয়া সত্ত্বেও যেভাবে নির্দ্বিধায় বিভিন্ন প্রশ্ন করতেন, আয়েশা রা. তার ভূয়সী প্রশংসা করতেন। লজ্জা যেন তাদের সত্য ও জ্ঞান অন্বেষণের পথে বাধা হতে না পারে, সেই শিক্ষা তিনি দিয়েছিলেন।
মহানবী হযরত মুহাম্মদ সা. তার স্ত্রীদের মাধ্যমে বিশ্ববাসীর সামনে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা থেকে সকল নারী শিক্ষা নিতে পারে। সাইয়্যিদা আয়েশা ছিলেন নবীজির সেই মহান শিক্ষা ও দীক্ষারই এক অনন্য সৃষ্টি। তৎকালীন সময়ে বড় বড় সাহাবিরাও তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সমাধান নিতে আসতেন। এটি একটি চমৎকার নিদর্শন যে, নারী ও পুরুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে পারে এবং একে অপরকে রক্ষা ও সহযোগিতা করতে পারে। ইসলামে কোনো লিঙ্গই অপর লিঙ্গের চেয়ে শ্রেষ্ঠ নয়।
আজ থেকে চৌদ্দশত বছরেরও বেশি সময় আগে, সপ্তম শতাব্দীতেই মহানবী হযরত মুহাম্মদ সা. নারীর অধিকারে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। ইসলাম নারীদের এমন সব অধিকার দিয়েছিল, যা তৎকালীন পৃথিবীর অন্য কোথাও কল্পনাও করা যেত না। মহানবী সা. এর যুগে নারীদের নিজেদের অধিকার আদায়ের জন্য কোনো লড়াই করতে হয়নি, বরং রাসূল সা. নিজেই তাদের অধিকার নিশ্চিত করেছিলেন। এই সপ্তম শতাব্দীতেই হজরত ওমর রা. এর খিলাফতকালে মুসলিম নারীরা ভোটাধিকার লাভ করেছিলেন, যখন বিশ্বের অন্য কোনো সংস্কৃতিতে নারীদের এই অধিকার দেওয়ার কথা চিন্তাও করা হতো না।
নিজেদের সম্মান, মর্যাদা ও খোদাভীতি অক্ষুণ্ণ রেখেও একজন নারী কীভাবে জ্ঞানের শিখরে পৌঁছাতে পারেন এবং সমাজে অনন্য অবদান রাখতে পারেন, সাইয়্যিদা আয়েশা রা. ছিলেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।