ময়মনসিংহে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

Young man dies in dispute over game
অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ আগস্ট ২০২৬ ০৭:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের
সংগৃহীত ছবি

ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবজু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে খাগডহর ইউনিয়নের খাগডহর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবজু ওই গ্রামের জজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে খাগডহর মধ্যপাড়ার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার সময় আরিফ (১৬) তাকে দলে নেওয়ার কথা বললে শাকিব (১৭) নামে আরেক কিশোর তাকে খেলায় নেওয়ার কথা জানায়। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে আরিফ মাঠের এক পাশের বাঁশের গোলপোস্ট তুলে ফেলেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আরিফ ও শাকিব হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরে আরিফ বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার লোকজন শাকিবের এলাকায় যায়। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাবজুসহ পাঁচজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবজুকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।