জন্মবার্ষিকীতে মুক্তি পাবে আশা ভোঁসলের শেষ গান

Asha Bhosle's last song to be released on her birth anniversary
অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন
জন্মবার্ষিকীতে মুক্তি পাবে আশা ভোঁসলের শেষ গান
--সংগৃহীত ছবি

কিংবদন্তি সুরসাম্রাজ্ঞী আশা ভোঁসলে। চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে সুরের মায়াজাল গুটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। আগামী ৮ সেপ্টেম্বর তার অনুপস্থিতিতেই উদযাপিত হতে যাচ্ছে প্রথম জন্মবার্ষিকী। বিশেষ এই দিনে ভক্তদের আবেগ ও স্মৃতির কোলাহলে ভাসাতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা। 


সংগীতপ্রেমীদের উপহার দিতে তার কণ্ঠে রেকর্ড করা জীবনের শেষ গানটি প্রকাশ করতে যাচ্ছে টিম ‘ওম কা হরি’। কমেডি-ড্রামা ঘরানার ‘ওম কা হরি’ সিনেমায় আশাজির কণ্ঠের সেই বিদায়ী বার্তাটি রূপ নিয়েছে ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’ শিরোনামের একটি ট্র্যাকে। 


সুরের এই মহাতারকা ২০২৩ সালের শেষের দিকে ৯০ বছর বয়সে স্টুডিওতে দাঁড়িয়ে গানটিতে শেষবারের মতো কণ্ঠ দেন। হরিশ ব্যাস পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর।


গানটি প্রকাশ প্রসঙ্গে আবেগে আপ্লুত পরিচালক হরিশ ব্যাস জানান, আশাজির প্রথম জন্মবার্ষিকীতে তার প্রতি সম্মান ও ভালোবাসা জানানোর জন্যই ৮ সেপ্টেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে অভিনেতা অংশুমান ঝা বলেন, ‘প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুরটি আমাদের ছবিতে থাকাটা এক পরম প্রাপ্তি। এই কাজটি আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে সবসময়।’


আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতাকে মুগ্ধতার জালে আটকে রেখেছিলেন আশা ভোঁসলে। চলতি বছরের এপ্রিলে তার প্রয়াণের পর সুরের ভুবনে যে শূন্যতা তৈরি হয়েছে, ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া এই শেষ গানটি অন্তত কিছুক্ষণের জন্য হলেও ভক্তদের মাঝে তার উপস্থিতির আবহ তৈরি করবে।