কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার ৫ উপায়
কর্মক্ষেত্রে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান। ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব দিলেও ‘না’ বলতে পারেন না, সহকর্মীর অন্যায় আচরণ মেনে নেন, এমনকি নিজের কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে গেলেও প্রতিবাদ করেন না।
অনেকের মনে কাজ করে, নিজের অবস্থান পরিষ্কার করলে হয়তো অন্যরা তাকে খারাপ চোখে দেখবে।
কিন্তু এভাবে দিনের পর দিন নিজের কথা গোপন রাখলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
বাড়তে পারে মানসিক চাপ, কমে যেতে পারে আত্মবিশ্বাস।
বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রে নিজের অবস্থান জানানো মানে কারও সঙ্গে বিরোধে জড়ানো নয়।
বরং ভদ্রতা ও পেশাদারিত্ব বজায় রেখে নিজের সীমা, মতামত ও প্রয়োজন স্পষ্ট করাই সুস্থ কর্মপরিবেশের অংশ।
কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলার কয়েকটি কার্যকর উপায় রয়েছে।
নিজের কাজের সীমা আগে ঠিক করুন
কাজের জায়গায় দায়িত্বশীল হওয়া জরুরি, কিন্তু তার অর্থ এই নয় যে সব ধরনের দায়িত্বই নিতে হবে। নিয়মিত অতিরিক্ত কাজ, অফিস সময়ের পর ফোন বা ই-মেইলের উত্তর দেওয়া কিংবা নিজের দায়িত্বের বাইরের কাজ করতে করতে একসময় কর্মী ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাই কোনো নতুন কাজ হাতে নেওয়ার আগে নিজের বর্তমান দায়িত্বের বিষয়টি বিবেচনা করুন। প্রয়োজন হলে সরাসরি ‘না’ না বলে সময়ের বিষয়টি পরিষ্কার করে বলা যায়। যেমন,বর্তমান কাজটি শেষ করার পর নতুন দায়িত্বটি নেওয়া সম্ভব হবে। এতে দায়িত্ব এড়িয়ে যাওয়ার বদলে কাজের বিষয়ে বাস্তবসম্মত অবস্থান প্রকাশ করা হয়।
সমস্যা জমিয়ে না রেখে শুরুতেই আলোচনা করুন
কর্মক্ষেত্রে ছোট কোনো সমস্যা তৈরি হলে সেটি দিনের পর দিন চেপে রাখা ঠিক নয়। সহকর্মী যদি বারবার অযথা দোষারোপ করেন কিংবা আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেন, তাহলে বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলা দরকার।
সমস্যা বড় আকার নেওয়ার আগেই আলোচনা করলে ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ থাকে। এতে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকিও কমে এবং ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়ানো সহজ হয়।
কথা বলার সময় আত্মবিশ্বাসী থাকুন
নিজের বক্তব্য শুরু করার আগেই ‘হয়তো আমি ভুল’ কিংবা ‘সরি, একটা কথা বলি’ ধরনের কথা বলার অভ্যাস অনেকের রয়েছে। এতে অজান্তেই নিজের মতামতকে দুর্বল করে ফেলা হয়।
এর পরিবর্তে ভদ্র কিন্তু দৃঢ়ভাবে নিজের বক্তব্য তুলে ধরা ভালো। কোনো বিষয়ে ভিন্ন মত থাকলে তা স্পষ্ট করে বলা যায়। এতে কাউকে অসম্মান করা হয় না; বরং নিজের মতামতের প্রতি নিজের আস্থার প্রকাশ ঘটে।
নিজের সাফল্যের কথাও জানান
ভালো কাজ করলেই অফিসের সবাই তা স্বয়ংক্রিয়ভাবে জেনে যাবেন—এমনটা সব সময় হয় না। বিশেষ কোনো দায়িত্ব সফলভাবে শেষ করলে কিংবা জটিল কোনো সমস্যার সমাধান করলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো প্রয়োজন।
নিজের কাজের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা আত্মপ্রচার নয়; বরং কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব ও অবদান সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার একটি উপায়।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখুন
কর্মক্ষেত্রে মতবিরোধ বা কঠিন পরিস্থিতি তৈরি হতেই পারে। এমন সময়ে উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বললে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
কেউ আপনার সম্পর্কে নেতিবাচক কিছু বললে আগে পুরো বিষয়টি শুনুন। এরপর প্রয়োজন হলে শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরুন। ব্যক্তিগত আক্রমণ বা পাল্টা অপমানের পথে না গিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করাই ভালো। একইসঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ছোট করার চেষ্টা করেন, তাদের সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলাও বুদ্ধিমানের কাজ। এতে মানসিক চাপ কম থাকবে এবং নিজের কাজের প্রতি মনোযোগ ধরে রাখা সহজ হবে।
কর্মক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করা কোনো দুর্বলতার লক্ষণ নয়। বরং নিজের সীমা জানা, প্রয়োজনের সময় কথা বলা এবং সম্মান বজায় রেখে নিজের মতামত তুলে ধরার মধ্যেই পেশাদারিত্বের পরিচয় পাওয়া যায়। তাই অন্যরা কী ভাববে, এই ভয়কে পাশে রেখে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের ওপর ভরসা করেই এগিয়ে চলা উচিত।