সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী

Salman F Rahman
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ৩১ আগস্ট ২০২৬ ০১:৪৯ অপরাহ্ন
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
--সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করতে চান লন্ডনের এক আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়ার অনুমতি চেয়ে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।


রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি জানান, তার সঙ্গে এই মামলায় কাজ করার জন্যই ব্রিটিশ আইনজীবী গ্রায়েম এল. হল বার কাউন্সিলে এই আবেদন পাঠিয়েছেন।


গত ১২ জানুয়ারি সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও হত্যার ষড়যন্ত্র।


অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে ঢাকার মিরপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়।


ব্রিটিশ আইনজীবী গ্রায়েম এল. হলের করা আবেদনটি গত ২৪ আগস্ট গ্রহণ করেছে বার কাউন্সিল। তবে তাকে বাংলাদেশে এই মামলায় লড়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে বার কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।