বিদ্যুৎ-গ্যাসের সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের মানুষের কষ্টের জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া নানা সমস্যার মধ্যে জ্বালানি সংকট অন্যতম। তবে এসব অজুহাত না করে সংকট মোকাবিলায় কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত আলোচনা সভায় দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করার সঙ্গে সঙ্গে আমরা শুধু ভঙ্গুর অর্থনীতি নয়, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, যোগাযোগব্যবস্থাসহ বহুবিধ সমস্যা উত্তরাধিকারসূত্রে পেয়েছি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে জ্বালানি সংকট অন্যতম। দেশের মানুষ বিদ্যুৎ ও জ্বালানির সংকটে কষ্ট পাচ্ছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না।
বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সেজন্য আমরা একটি কর্মপরিকল্পনা নিয়েছি। কর্মপরিকল্পনার যেমন সময়ের প্রয়োজন, তেমনি তা বাস্তবায়ন করতেও কিছু সময় প্রয়োজন। ভবিষ্যতে বিশ্বে আবারও বিভিন্ন ধরনের সংকট তৈরি হলেও যেন দেশের মানুষ জ্বালানি সংকটে না পড়েন, সেভাবেই কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা বহু মানুষ, শিল্প-কলকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।
তারেক রহমান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া যেসব সমস্যার কারণে আজ দেশ ও দেশের মানুষ কষ্ট ভোগ করছে, সেগুলোকে শুধু অজুহাত হিসেবে তুলে ধরতে চায় না সরকার। বরং অজুহাত না দিয়ে মানুষের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চায়। একই সঙ্গে এমন পদক্ষেপ নিতে চায় সরকার, যাতে ভবিষ্যতে মানুষকে আর এ ধরনের সমস্যার মধ্যে পড়তে না হয়।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিহউল্লাহ।
এ ছাড়া জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সভাপতি এম মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সদস্যসচিব মোস্তফা জামান এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য দেন।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।