রাবিতে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদল, সিইওর সফর নিয়ে আলোচনা
ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাবির উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় মারিয়া রেহমান চলতি সেপ্টেম্বরের শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর রাবি সফরের বিষয়টি অবহিত করেন এবং সংশ্লিষ্টদের কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
এ সময় ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়ন কাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
পরে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমানের সঙ্গে প্রধান নির্বাহীর সফরসূচি নিয়ে আলোচনা করে। একই সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাধ্যমে ‘ইয়থ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
সভায় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল, অধ্যাপক নাজিয়াত চৌধুরী, সহকারী প্রক্টর অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ ও অধ্যাপক মো. জহুরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলে আরও ছিলেন হেড অব এডুকেশন তৌফিক হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তামিম মোস্তফা, ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস অ্যাকাউন্ট ম্যানেজার আনিকা বুশরা এবং সিকিউরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার সাইদুল বাশার।