বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Shama Obaid
অনলাইন ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।--সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে ওমান ১০ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে। চুক্তি অনুযায়ী দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার কর্মী নেবে।

আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। ওই সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে নানা কারণে ওমানের ভিসা বন্ধ ছিল। তবে বর্তমান সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আবারও নিয়মিত ভিসা চালুর চেষ্টা করছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি রপ্তানির ওপর বিশেষ জোর দিচ্ছে, যাতে ওমানও আগ্রহ প্রকাশ করেছে।

সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ভিসা জটিলতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। যেহেতু ওই দেশে এ ধরনের আন্দোলন আইনত নিষিদ্ধ, তাই দুই শতাধিক বাংলাদেশিকে জেলে যেতে হয়। তবে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে সেখানে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ বা অটো-ক্যান্সেলেশন নিয়ে সমস্যা হচ্ছে, তা সমাধানে অন্যান্য দেশ যেমন, পাকিস্তান, নেপালের মতো বাংলাদেশও নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।