পরপর দুই দুর্দান্ত সেভে রামুকে শিরোপা জিতালেন রামুর গোলরক্ষক শামীম
টিকেট কেটেও শত শত ফুটবলপ্রেমী স্টেডিয়ামের বাইরে, স্টেডিয়ামের ভেতরে গ্যালারি পূর্ণ হাজার হাজার দর্শক। এভাবে সফল এক ফুটবল আসর শেষ করেছে কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতি।
গতকাল কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে চকরিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামু উপজেলা।
পেনাল্টিতে পরপর দুইটি দুর্দান্ত সেভ দিয়ে রামুকে শিরোপা জিতালেন গোলরক্ষক শামীম।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজেদুর রহমান, জেলা বিএনপি নেতা এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক সহ সভাপতি আবছার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি এম. জাহেদ উল্লাহ ও জেলা ছাত্রদল সভাপতি ফাহিমুর রহমান।
উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার, এসিল্যান্ডগণ, জেলা সমাজসেবার উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক সহ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শাহজাহান আনসারী ও সদস্য সচিব রুহুল আমিন রকি।
সাংবাদিক ও ক্রীড়া সংগঠক এম.আর মাহবুব এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার খোরশেদ আলম, ওমর ফারুক, ডিএসএর সাবেক সদস্য প্রভাষক জসিম উদ্দিন, আলীরেজা তসলিম ও নুরুল আবছার প্রমুখ।
সমুদ্র নগরীর এবারের ফুটবল আয়োজন ছিলো উৎসবমুখর। আগামীতে খেলোয়াড় সমিতির ব্যানারে আরো বড়সড় আয়োজন মাঠে গড়াবে প্রত্যাশা সকলের।