চীন, দুবাই ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী দল নিয়ে পঞ্চগড় চিনিকল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করেছেন চীনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান জুলং গ্রুপ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পেং ওয়াং-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
এ সময় তাঁরা মিলটি পুনরায় চালুসহ সৌর বিদ্যুৎ ও কৃষিভিত্তিক শিল্পে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস দেন।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসক মোস. শুকরিয়া পারভীন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা সহ পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রকৌশলী, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং চায়না, সিঙ্গাপুর ও দুবাই সহ দেশের ব্যাবসায়ী প্রতিনিধি দল জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, চিনিকলের সাবেক শ্রমিক ও স্থানীয় আখচাষী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চায়না জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটি অত্যন্ত চমৎকার একটি কারখানা। এর বিশাল অবকাঠামো ও অবস্থান আমাকে মুগ্ধ করেছে। আমরা মনে করি, এই চিনিকলটিকে একটি নতুন জীবন দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। চীনে আমাদের ৩০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং ১০ বছর ধরে আমরা বাংলাদেশে ব্যবসা করছি। আমি আমার দেশ থেকে আরও বিনিয়োগকারী এখানে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। এটি আমাদের উভয় দেশের জন্য একটি নতুন সৃষ্টির সুযোগ হতে পারে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড় চিনিকল এ অঞ্চলের অর্থনীতি ও হাজার হাজার আখচাষী-শ্রমিকের আবেগের জায়গা। বিগত ২০২০ সাল থেকে কারখানার মাড়াই কার্যক্রম স্থগিত থাকায় স্থানীয় অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছিল। আমাদের বর্তমান সরকার এই বন্ধ কলকারখানাগুলো চালু করতে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে আজ চীন, দুবাই এবং সিঙ্গাপুরের আন্তর্জাতিক বিনিয়োগকারী দল এখানে এসেছেন। আমরা কারখানাটিকে শুধু আগের রূপে চালুই করব না, বরং আন্তর্জাতিক প্রযুক্তির সমন্বয়ে এটিকে একটি আধুনিক ও লাভজনক শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। বিনিয়োগের মাধ্যমে এখানে শুধু চিনিই নয়, উপজাত দ্রব্য হিসেবে জৈব সার, বিদ্যুৎ ও অন্যান্য বায়ো-কেমিক্যাল উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই এর ইতিবাচক ফল পঞ্চগড়বাসী দেখতে পাবেন।
এ দিন পানিসম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে সরকারি ভাবে সোলার প্রজেক্ট (সৌরবিদ্যুৎ উৎপাদন) পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফরহাদ হোসেন আজাদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের এ সফরের মধ্য দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকলে আন্তর্জাতিক বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।