পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি মকবুলার রহমান সরকারি কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ জানান, সংঘর্ষের ঘটনায় মোট ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে চারজনকে রংপুরে রেফার করা হয়েছে। আহতদের অনেকে মাথায় আঘাত পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা হয়। সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। এরপর থেকেই তাদের মধ্যে ক্ষোভ চলছিল। এর জের ধরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।