নীলফামারীতে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে

Nilphamari suddenly covered in dense fog
অনলাইন ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন
নীলফামারীতে হঠাৎ  ঘন  কুয়াশায় ঢাকা পড়েছে
--সংগৃহীত ছবি

উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। সেইসঙ্গে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দীর্ঘদিনের টানা গরম শেষে ভোরের প্রকৃতিতে এখন ভিন্ন আবহাওয়া। দিনে রোদ-গরম বা বৃষ্টি থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভব হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর এই অনুভূতি আরও বেড়ে যায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জেলায় এমন চিত্র দেখা যায়। 

স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাতে ও ভোরে ঘন কুয়াশা পড়লেও এবার মাসের মাঝামাঝি সময়ে ভোরে ঘন কুয়াশা দেখা দিয়েছে। ভোরে ঘন কুয়াশা দেখে অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবছে। কুয়াশায় সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে। 

জেলা সদরের বাসিন্দা আকরাম আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা পড়েছে। শহরে সেপ্টেম্বরের শেষের দিকে কুয়াশার ঘনত্ব বাড়লেও এবার মাসের মাঝামাঝি সময়ে সেটির দেখা মিলেছে। 

শহরের রিকশা চালাক আলিম উদ্দিন বলেন, প্রত্যেক দিন ভোরে গাড়ি নিয়ে বের হই। আজকে বের হয়ে দেখি সকাল থেকে চারদিকে কুয়াশা।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, কয়েকদিন ধরে সকালের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আজকে সকাল ৬টায় সর্বনিম্ন ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।