রাজশাহীতে বন্যার্তদের পাশে রাসিক প্রশাসক, ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ
পদ্মা নদীর পানি বাড়ায় রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী এলাকায় বন্যার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে। এরই মধ্যে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনারসংলগ্ন নদীতীরে বসবাসরত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রিটন বলেন, “বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মার পানি বৃদ্ধিতে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো হয়েছে। কেউ যেন নিজেকে অসহায় মনে না করেন—আগামীতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বন্যাকবলিত পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মুঈদুর রহমান মঈদ, আসাদুজ্জামান জনি, জাকের আলী শান্তি, সালাউদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।