ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক
রাজশাহীর নগর উন্নয়ন, ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। হাইকমিশনারের আমন্ত্রণে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে আয়োজিত নৈশভোজে তিনি অংশ নেন।
নৈশভোজে রাসিক প্রশাসক ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক উপহার দেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের গত ১০০ দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রকাশিত একটি বইও তাঁর হাতে তুলে দেওয়া হয়।
মতবিনিময়কালে রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম, নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
রাসিক সূত্র জানায়, নগর ব্যবস্থাপনার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন অংশীজনের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
নৈশভোজে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।