যেভাবে মিষ্টি আপেল চিনে কিনবেন ,জেনে নিন
ভিনদেশি ফল হলেও আপেল এখন আর আমাদের কাছে অপরিচতি নয়। বরং বাজারে নানা রঙের, গঠনের ও স্বাদের আপেলের দেখা মেলে সহজেই। নিজেদের খাওয়ার জন্য তো কেনা হয়ই, অনেক সময় দাওয়াতে কিংবা অসুস্থ কাউকে দেখতে যাওয়ার সময়েও আমরা সঙ্গে করে আপেল নিয়ে যেতে পছন্দ করি। তবে এই ফলের স্বাদ সব সময় আমাদের আশানুরূপ হয় না। অনেকে সময় মিষ্টি মনে করে কেনা হলেও খেতে একদমই পানসে লাগে। তবে আপনি একটু সচেতনভাবে কয়েকটি দিকে খেয়াল রেখে কিনলেই আর ঠকতে হবে না। চলুন জেনে নেওয়া যাক মিষ্টি আপেল চিনে কেনার উপায়-
১. শুধু রঙ দেখে কিনবেন না
উজ্জ্বল লাল রঙের আপেল দেখতে মিষ্টি লাগতে পারে, কিন্তু এর রঙ আপনাকে বলে দেবে না যে এটি খেতে কেমন হবে। শুধু লাল দেখাচ্ছে বলে আপেলটি বেছে না নিয়ে, এটি ভালোভাবে পরীক্ষা করে দেখুন। কারণ লাল আপেল মানেই যে মিষ্টি এমন কোনো কথা নেই। তাই শুধু রঙের দিকে নজর না দিয়ে অন্যান্য দিকেও খেয়াল রাখতে হবে।
২. শক্ত আপেল বেছে নিন
আপেলটি হাতে নিয়ে আলতো করে চাপ দিন। এটি শক্ত অনুভূত হওয়া উচিত, খুব বেশি নরম নয়, কারণ খুব নরম আপেল পুরোনো বা অতিরিক্ত পাকা হতে পারে। তবে খুব জোরে চাপ দেবেন না, এতে আপেলের গায়ে দাগ বসে যেতে পারে যা পরবর্তীতে বিক্রেতার ক্ষতির কারণ হতে পারে। আপেলটি শক্ত নাকি নরম তা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন।
৩. গন্ধ নিন
কেনার আগে আপেলটি কাছে এনে গন্ধ নিন। পাকা আপেলে সাধারণত হালকা, মিষ্টি গন্ধ থাকে, অন্যদিকে যে আপেলে প্রায় কোনো গন্ধই থাকে না, সেটি হয়তো পুরোপুরি পাকা নয়। তাই গন্ধ শুঁকে কিনলে আপনার ঠকে যাওয়ার ভয় অনেকটাই কমে আসবে।
৪. তাজা ত্বক দেখে নিন
মসৃণ, তাজা দেখতে ত্বকের আপেল বেছে নিন। থেঁতলানো, কালো দাগ বা কুঁচকানো ত্বকের আপেল এড়িয়ে চলুন, কারণ এগুলো স্বাদ এবং সতেজতাকে প্রভাবিত করতে পারে।
৫. ওজন পরীক্ষা করুন
একই আকারের কয়েকটি আপেল তুলে তাদের ওজন তুলনা করুন। যেটি সামান্য ভারী মনে হয়, সেটি প্রায়শই বেশি রসালো হয় এবং বেছে নেওয়ার জন্য ভালো হতে পারে।